শ্রমিক সুরক্ষা উপেক্ষিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রমিক সুরক্ষা উপেক্ষিত
শ্রমিক সুরক্ষা উপেক্ষিত

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা ইয়ার্ডে (শিপব্রেকিং ইয়ার্ড) শ্রমিক সুরক্ষার জন্য নির্ধারিত নিরাপত্তা পোশাক ও দুর্ঘটনা প্রতিরোধক সরঞ্জাম ব্যবহার করা হয় না। এসব কারণে দুর্ঘটনা ঘটছে। সর্বশেষ গত রোববার কবির স্টিল নামের একটি ইয়ার্ডে লোহা কাটার সময় তিন শ্রমিক দগ্ধ হন। ওই সময় তাঁদের শরীরে নিরাপত্তা পোশাক ছিল না।
বাংলাদেশ শিপব্রেকার্স অ্যাসোসিয়েশনের (বিএসবিএ) সভাপতি হেফাজেতুর রহমান বলেন, ‘বেশির ভাগ ইয়ার্ডে সব ধরনের সুরক্ষা আছে। তবে শ্রমিকেরা নিরাপত্তা পোশাক পরতে চান না। আমাদের কঠোর নির্দেশ রয়েছে এগুলো পরিধানের।’
সীতাকুণ্ড উপকূলে বর্তমানে বৈধ ও অবৈধ মিলে ইয়ার্ডের সংখ্যা প্রয় ২০০। এসব ইয়ার্ডে ৩০ হাজারের মতো শ্রমিক কাজ করছেন। ইয়ার্ডগুলোকে পরিবেশ অধিদপ্তরের ৫৬টি শর্ত পূরণ করে ছাড়পত্র নিতে হয়। এর মধ্যে শ্রমিকদের নিরাপত্তা, পরিবেশদূষণ রোধ ও গ্যাসমুক্ত করার আগে বিস্ফোরক অধিদপ্তরের পরিবেশগত ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক।
গতকাল বুধবার সরেজমিনে দেখা গেছে, বেশির ভাগ ইয়ার্ডে শ্রমিক অনুযায়ী পর্যাপ্ত নিরাপত্তা সরঞ্জাম বা পারসোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) নেই। কোনো কোনো ইয়ার্ডে সরঞ্জাম থাকলেও তা ব্যবহারে শ্রমিকদের মধ্যে রয়েছে অনীহা। আবার ব্যবহারের জন্য মালিকপক্ষেরও কোনো কড়াকড়ি নেই।
জোড়া আমতল এলাকার ইউনাইটেড শিপ ব্রেকার্সে দেখা গেছে, খালি হাতে হেলমেট ও নিরাপত্তা পোশাক ছাড়াই শ্রমিকেরা জাহাজ কাটছেন এবং এক স্থান থেকে অন্য স্থানে প্লেট নিয়ে যাচ্ছেন। তত্ত্বাবধায়ক শামসুল আলম বলেন, ‘শ্রমিকেরা এভাবেই এখানে কাজ করেন। তাঁরা এতে অভ্যস্ত।’
পাশের মেহেরিন রিসাইক্লিং শিপ ব্রেকার্সে একই চিত্র দেখা গেছে। সোনাইছড়ির পাক্কা মাথা এলাকার মক্কা শিপ ইয়ার্ড ও মাহিন এন্টারপ্রাইজ নামের ইয়ার্ডে ঢোকার অনুমতি পাওয়া যায়নি। বারআউলিয়ার জিরি সুবেদার নামের ইয়ার্ডে হেলমেট, বুট, গ্লাভস ছাড়া কয়েকজন শ্রমিককে কাজ করতে দেখা গেছে। এর পাশের সিকো স্টিল নামের ইয়ার্ডে বেশ কয়েকজন শ্রমিকের গায়ে হেলমেট, বুট ও গ্লাভস দেখা গেছে। মাবিয়া এন্টারপ্রাইজ নামে ইয়ার্ডে সবার শরীরে এই পোশাক দেখা গেছে।
শ্রম অধিপ্তরের উপপ্রধান পরিদর্শক মো. আমিনুল হক বলেন, ‘আমরা যখন ইয়ার্ড পরিদর্শনে যাই, তখন সুরক্ষা পোশাক পরিধানের জন্য হুড়োহুড়ি পড়ে যায়। নিরাপত্তা পোশাকের শর্ত লঙ্ঘন করায় ৩০টি প্রতিষ্ঠানকে নোটিশ দিয়েছি।’
পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. হারুনুর রশিদ বলেন, ‘আসলে এখানে শুধু মালিকের দোষ নয়, গরমসহ নানা কারণে শ্রমিকেরাও নিরাপত্তা পোশাক পরতে চান না।’
গত রোববারের দুর্ঘটনায় দগ্ধ কবির স্টিলের শ্রমিক তপন শীল বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। তিনি বলেন, ‘আমার মাথায় হেলমেট ছিল। তাই চুল পুড়েনি। কিন্তু নিরাপত্তার জন্য পায়ে বুট ও নির্ধারিত পোশাক ছিল না। দীর্ঘদিন আমরা এভাবেই কাজ করি। কোনো সমস্যা হয় না। ভাগ্য খারাপ তাই ঘটে গেছে।’
মোখলেসুর রহমানসহ একাধিক শ্রমিক জানান, পরিবেশ অধিদপ্তরের নির্ধারিত পোশাকটি অনেক ভারী। পরলে মনে হয় দম বন্ধ হয়ে যাবে। গরমও বেশি লাগে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হিসাবে গত বছর ২০১টি পুরোনো জাহাজ আমদানি হয়। ওই বছর অন্তত ১০টি দুর্ঘটনায় পাঁচজন মারা যান। ২০১২ সালে আমদানি করা হয় ২২৯টি জাহাজ। তখন দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ১০ শ্রমিক। ২০১১ সালে ১২২টি জাহাজ আমদানি করা হয়। ওই বছর দুর্ঘটনায় অন্তত ১২ জন মারা যান।