শ্রমিক হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
জামালপুর শহরের বানিয়াবাজার এলাকার টাইলস মিস্ত্রি মিকরাইল হোসেনের (৫৫) হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন হয়েছে। জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের আয়োজনে গতকাল রোববার এ কর্মসূচি পালন করা হয়।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শহরের দয়াময়ী চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সব শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলন করা হবে।
মামলা ওনিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, শহরের বানিয়াবাজার এলাকার টাইলস মিস্ত্রি মিকরাইল হোসেন একই এলাকার মজিবর রহমানের বাড়িতে গত জুলাই মাস থেকে টাইলসের কাজ শুরু করেন। তিনি বাড়ির মালিক মজিবর রহমানের কাছে বকেয়া বেতনের প্রায় দেড় লাখ টাকা পান। বকেয়া বেতন চাইতে গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে তিনি মজিবরের বাড়িতে যান। এ সময় টাকা নিয়ে বাড়ির মালিকের ছেলে শিমুলের সঙ্গে তাঁর বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে মিকরাইলকে ধাক্কা দিয়ে দোতলা থেকে ফেলে দেওয়া হয়। স্থানীয় ব্যক্তিরা তাঁকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৭ সেপ্টেম্বর তিনি মারা যান।
এ ঘটনায় নিহত ব্যক্তির স্ত্রী সাফিয়া বেগম বাদী হয়ে জামালপুর সদর থানায় বাড়ির মালিক মজিবর রহমান, শিমুল ও দারোয়ান জামাল উদ্দিনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ওই দিনই পুলিশ দারোয়ানকে গ্রেপ্তার করে। অন্য আসামিরা পলাতক।
জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক আবদুল আওয়াল, জেলা দালান নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতাহার আলী প্রমুখ।