গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর গ্রামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল রোববার বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছেন। কারখানার শৌচাগারে জমাটবাঁধা রক্ত দেখে শ্রমিক হত্যার গুজব ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শ্রমিকেরা এই কর্মসূচি পালন করেন। গুজবে আতঙ্কিত শ্রমিকেরা দ্রুত নিচে নামতে গিয়ে ১০ জন আহত হন।এদিকে শ্রমিক অসন্তোষের কারণে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ডিইপিজেড) ও আশুলিয়ার জামগড়ায় দুটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।রতনপুরের করণী নিট কম্পোজিট লিমিটেডের শ্রমিক ও কর্মকর্তারা জানান, গতকাল সকালে চতুর্থ তলার সুইং সেকশনের এক শ্রমিক শৌচাগারে গিয়ে দেয়াল ও মেঝেতে জমাটবাঁধা রক্ত দেখতে পান। ওই শ্রমিকের চিত্কারে অন্য শ্রমিকেরা সেখানে জড়ো হন। কিছুক্ষণের মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে চতুর্থ তলার শৌচাগারে শ্রমিককে হত্যা করা হয়েছে। এতে আতঙ্কিত শ্রমিকেরা দ্রুত কারখানা ছেড়ে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করেন। এ সময় ১০ জন শ্রমিক আহত হন। তাঁরা প্রাথমিক চিকিত্সা নিয়েছেন।পরে ক্ষুব্ধ শ্রমিকেরা কারখানার প্রধান ফটকে বিক্ষোভ করতে থাকেন। এ সময় কারখানার সামনের অর্ধশতাধিক দোকানপাট বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কালিয়াকৈর থানার পুলিশ, মৌচাক ফাঁড়ির পুলিশ ও আর্মড পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে পুলিশ, কারখানার কর্মকর্তা ও কয়েকজন শ্রমিক ওই শৌচাগারে যান। তাঁরাও সেখানে জমাটবাঁধা রক্ত দেখতে পান। তবে কারখানার কোথাও লাশ পাওয়া যায়নি। পরে শ্রমিকদের পক্ষে চতুর্থ তলায় পোশাকের কোয়ালিটির দায়িত্বপ্রাপ্ত নুরু হোসেন বিষয়টি মাইকে ঘোষণা দেন। এর মধ্যে দুপুর আড়াইটার দিকে খাওয়ার ছুটির সময় হলে শ্রমিকেরা কারখানা ত্যাগ করেন। পরে শ্রমিকেরা কাজে যোগ দেননি।কারখানার ব্যবস্থাপক ওয়াহেদুল হাসান শৌচাগারের দেয়ালে রক্ত থাকার বিষয়টি তিনি স্বীকার করেন। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, শৌচাগার থেকে রক্ত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।ডিইপিজেড এলাকার দাদা সাভার নামের একটি পোশাক কারখানা গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আশুলিয়া থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার কারখানার দুজন শ্রমিক নেতাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়। এর প্রতিবাদে শ্রমিকেরা গত শনিবার কাজ বন্ধ করে বিক্ষোভ করেন। শ্রমিক বিক্ষোভের কারণে কর্তৃপক্ষ ওই দিন দুপুর দুইটায় শ্রমিকদের ছুটি দেয়। এর কয়েক ঘণ্টা পরই কর্তৃপক্ষ কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের বন্ধের ঘোষণা লেখা বিজ্ঞপ্তি ঝুলিয়ে রেখে চলে যায়। গতকাল সকাল সাতটার দিকে শ্রমিকেরা কর্মস্থলে এসে বন্ধের বিজ্ঞপ্তি দেখে বিক্ষোভ করতে থাকেন। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। বেপজার মহাব্যবস্থাপক (জিএম) আশরাফুল কবীর শ্রমিক বিক্ষোভের কারণে দাদা সাভার কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।এদিকে বেতনের দাবিতে গত শনিবার আশুলিয়ার জামগড়া এলাকার ইসলাম অ্যান্ড কারিন ফ্যাশনে শ্রমিকেরা বিক্ষোভ করেন। এতে কর্তৃপক্ষ গতকাল রোববার থেকে আগামীকাল মঙ্গলবার পর্যন্ত কারখানা বন্ধ ঘোষণা করেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ডিইপিজেড ও জামগড়া এলাকার দুটি কারখানা বন্ধ ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন।