শ্রমিক হয়রানি, তোপের মুখে ১৯ কারখানা
দেশের পোশাক কারখানার বিদ্যমান স্বাভাবিক অবস্থা বজায় এবং যাতে অস্থিরতা না আসে, সে ব্যাপারে সব পক্ষকে সজাগ থাকতে বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গতকাল সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ে বিজিএমইএ ও বিকেএমইএর নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।
শ্রম আইন লঙ্ঘনের পাশাপাশি শ্রমিক ছাঁটাই ও তাঁদের হয়রানি করায় ১৯টি তৈরি পোশাক কারখানার মালিকেরা গতকাল সোমবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের তোপের মুখে পড়েন। যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠন আমেরিকান ফেডারেশন অব লেবার অ্যান্ড কংগ্রেস অব ইন্ডাস্ট্রিয়াল অর্গানাইজেশনের (এএফএলসিআইও) অভিযোগের ভিত্তিতে ওই সব কারখানার বিরুদ্ধে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় তদন্ত চালিয়েছে।
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের পণ্যের অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) ফিরে পেতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের দেওয়া ১৬টি কর্মপরিকল্পনার চারটি শর্ত পূরণ এখনো বাকি রয়েছে। এ শর্তগুলো হচ্ছে ১৯টি কারখানায় ছাঁটাই হওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল ও কারখানাগুলোতে ট্রেড ইউনিয়ন চালু, ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালু, কারখানার ভবন ও অগ্নিকাণ্ড-সম্পর্কিত ডেটাবেইস তৈরি এবং অতিরিক্ত ২০০ কারখানায় পরিদর্শক নিয়োগ। কারখানার কর্মপরিবেশ ও শ্রমমান নিয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বছরের জুনে বাংলাদেশের জিএসপি যুক্তরাষ্ট্র স্থগিত করে।
বৈঠকে ১৯টি কারখানার মালিকপক্ষ ছাড়াও বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান এবং বাণিজ্য ও শ্রমসচিব উপস্থিত ছিলেন। বৈঠকে অভিযুক্ত ১৯টি কারখানার মালিকেরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগের ব্যাপারে নিজেদের অবস্থান তুলে ধরেন। বিস্তারিতভাবে তাঁদের বক্তব্য শোনার পর বাণিজ্যমন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।