শ্রমিককল্যাণ সমিতি হচ্ছে ইপিজেডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ইপিজেড) কারখানায় ‘শ্রমিককল্যাণ সমিতি’ গঠন করতে পারবেন শ্রমিকেরা। সরকার বলছে, ট্রেড ইউনিয়নের আদলে এই সংগঠন করা যাবে। তবে শ্রমিক অধিকার নিয়ে কাজ করেন এমন ব্যক্তিরা বলছেন, কল্যাণ সমিতির আদলে ট্রেড ইউনিয়ন হতে পারে না।
শ্রমিককল্যাণ সমিতির বিধান রেখে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন, ২০১৬-এর খসড়া গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে শ্রম আইনের সঙ্গে সংগতি রেখে এ আইনের খসড়াটি করা হয়েছে বলে জানান।
যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে বাতিল হওয়া জিএসপি-সুবিধা ফিরে পেতে ইপিজেড শ্রমিকদের সংগঠন করার অধিকার দেওয়ার বিষয়ে দীর্ঘদিন ধরেই সরকারের ওপর চাপ আছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, আইনটি হলে জিএসপি ফিরে পাওয়ার জন্য দর-কষাকষি করার একটা সুযোগ থাকবে। ইপিজেডে সংগঠন করার অধিকার ছিল না। এটা করার জন্য আইএলওসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর দীর্ঘদিনের দাবি ছিল। তবে কেবল দাতাদের চাপেই নয়, সরকারেরও এতে আন্তরিকতা ছিল বলে আইনটি করা হচ্ছে।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, শ্রম আইন অনুযায়ী ট্রেড ইউনিয়ন (সিবিএ) এবং ইপিজেড শ্রম আইন অনুযায়ী ‘শ্রমিককল্যাণ সমিতি’ বা যৌথ দর-কষাকষির এজেন্ট গঠন, পরিষদের মেয়াদ বা কার্যাবলির মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তিনি আরও বলেন, আইএলও কনভেনশনকে সম্মান দেখিয়েই এটা করা হয়েছে। তা ছাড়া দেশে শ্রমিকদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করা, শ্রমিকদের গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করার কথা সংবিধানেই বলা আছে।
অবশ্য আইনটি সম্পর্কে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির (বিসিডব্লিউএস) নির্বাহী পরিচালক কল্পনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘আইনটিতে আসলে কী আছে এখনো আমরা জানি না। তবে শ্রমিককল্যাণ সমিতির আদলে ট্রেড ইউনিয়ন হতে পারে না। এটা একটা ভিন্ন জিনিস। শ্রমিককল্যাণ সমিতির আওতায় দর-কষাকষি করা যাবে এ কথায় আমরা বিশ্বাসী নই।’ তিনি বলেন, ‘আমরা চাই আইএলও কনভেনশন অনুযায়ী ট্রেড ইউনিয়নের অধিকার, যেখানে শ্রমিকদের সংঘ করার কথা বলা হয়েছে, আইনে তা থাকলে ঠিক আছে। কল্যাণ সমিতির আদলে দর-কষাকষি করা যাবে এটা আমার কাছে ঠিক বোধগম্য নয়। আইনটা দেখলে বলা যাবে আসলে এটা কেমন।’
শ্রমিকনেতা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমরা যতটুকু শুনেছি, আগের পরিস্থিতির থেকে উন্নতি হয়েছে। তবে এটিকে শতভাগ ট্রেড ইউনিয়ন বলা যাবে না, আংশিক বলা যেতে পারে।’
এ বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘ইপিজেড পরিচালিত হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে। যেহেতু সরকার আইনটি করতে যাচ্ছে, তা বুঝেশুনেই করছে। পৃথিবীর বর্তমান পরিপ্রেক্ষিত অনুযায়ী সরকারের এই উদ্যোগ যথার্থ বলে মনে করি।’
গত ২৮ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগ সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের দ্বিতীয় পর্যালোচনা সভার সম্মত ঘোষণায় বলা হয়, বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের নিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি হলেও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ও যৌথ দর-কষাকষির অধিকার পুরোপুরি নিশ্চিত হয়নি। তাই এ বিষয়গুলোতে উন্নতি করতে হবে। পাশাপাশি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) সংগঠিত হওয়া এবং যৌথ দর-কষাকষির সুযোগ নিশ্চিত করতে আইনে পরিবর্তন আনতে হবে।
আইনটি হলে জিএসপি-সুবিধা ফিরে পেতে সহায়ক হবে কি না, জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ গত রাতে প্রথম আলোকে বলেন, জিএসপি ফিরে পাওয়ার জন্য এটা কোনো শর্ত ছিল না। তারা শ্রমিকদের সংগঠন করার অধিকারের কথা বলেছে। তিনি বলেন, ইপিজেড আইনে ট্রেড ইউনিয়ন করার সুযোগ নেই। দুই পক্ষের সঙ্গে কথা বলে মাঝামাঝি অবস্থায় ট্রেড ইউনিয়নের আদলে ইপিজেডে সংগঠন করার অধিকার রাখা হয়েছে। ফলে ট্রেড ইউনিয়নের মতোই শ্রমিকদের দর-কষাকষির ব্যবস্থা থাকবে।
আইনে যা আছে: খসড়া আইনে ১৬টি অধ্যায়ে ২০২টি ধারা রয়েছে। আইন অনুযায়ী শ্রমিকেরা অবসর সুবিধা, মৃত্যু ও দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ, বাধ্যতামূলক গ্রুপ ইনস্যুরেন্স, ভবিষ্যৎ তহবিল, অর্জিত ছুটি নগদায়ন, পূর্ণ বেতনে বছরে দুটি উৎসব বোনাস এবং ১৬ সপ্তাহের প্রসূতি কল্যাণ সুবিধা পাবেন। এ ছাড়া শ্রমিকদের সংগঠনের অধিকার, যৌথ দর-কষাকষি প্রতিনিধির অধিকার, শিল্পবিরোধ উত্থাপন ও নিষ্পত্তি, ধর্মঘটের অধিকার নিশ্চিতকরণ, চাকরির নিরাপত্তা প্রদানের বিষয়গুলো যুক্ত করে ইপিজেড শ্রম আইনকে সুসংহত করা হয়েছে।
শ্রমিক প্রতিনিধিরা মজুরি, কর্মঘণ্টা, নিয়োগ ও নিয়োগের শর্ত, ধর্মঘটের অধিকার রক্ষাসহ বিভিন্ন বিষয়ে সরাসরি মালিকদের সঙ্গে দর-কষাকষি করতে পারবেন।
ইপিজেড শ্রম আইনে শ্রমিকদের সুবিধা: অর্জিত ছুটি নগদায়ন, মূল বেতনের সমপরিমাণ বছরে দুটি উৎসব বোনাস, পূর্ণ বেতনে প্রসূতি কল্যাণ সুবিধা, দুর্ঘটনার কারণে জখমের জন্য ক্ষতিপূরণের পরিমাণ ইপিজেডের বাইরের শ্রমিকদের তুলনায় বাড়ানো হয়েছে। এ ক্ষেত্রে মৃত্যুজনিত দুই লাখ টাকা এবং স্থায়ী সম্পূর্ণ অক্ষমতার কারণে ২ লাখ ২৫ হাজার টাকা দেওয়ার কথা বলা হয়েছে।
আইনে শ্রমিক ও বিনিয়োগকারীদের প্রতিনিধি ছাড়াও নিরপেক্ষ উৎস থেকে প্রতিনিধি নিয়ে স্থায়ী মজুরি বোর্ড গঠনের কথা বলা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই মজুরি বোর্ড প্রয়োজন মনে করলে ইপিজেডের শ্রমিকদের মজুরি পুনর্বিন্যাসের উদ্যোগ নেবে।
ইপিজেডে শ্রমিকেরা ৬০ বছর বয়স পর্যন্ত কাজ করতে পারবেন। চাকরির ২৫ বছর পার করে অবসরে যাওয়া যাবে।
ইপিজেড শ্রমিকদের সংগঠন করার সুযোগ দেওয়ায় কারখানায় কোনো জটিলতা সৃষ্টি হবে কি না জানতে চাইলে শফিউল আলম বলেন, সরকারের মূল্যায়ন হলো, এখন যদি ইপিজেডগুলোতে সিবিএ বা কল্যাণ সমিতি খুলে দেওয়া হয়, তাহলে কারখানাগুলোতে বড় রকমের কোনো ঝামেলা হবে না।