শ্রমিককে ধর্ষণের দায়ে দুজনের যাবজ্জীবন
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় একজন নারী পোশাকশ্রমিককে ধর্ষণের দায়ে দুই ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হেলাল উদ্দিন গত বৃহস্পতিবার দুপুরে এ রায় দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন সুমন মিয়া (৩২) ও আবুল কালাম (৩২)। তাঁদের বাড়ি মুক্তাগাছার চেচুয়া এলাকায়। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণ সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৩ এপ্রিল রাতে জামালপুরের এক নারী পোশাকশ্রমিক মুক্তাগাছা থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে বাড়ি যাচ্ছিলেন। সে সময় অটোরিকশায় চালক আবুল কালাম ও সুমন নামের একজন যাত্রী ছিলেন। তাঁরা মুক্তাগাছার সৈয়দপাড়া এলাকায় নির্জন স্থানে অটোরিকশা থামিয়ে ওই নারীকে ধর্ষণ করেন। পরে অচেতন অবস্থায় ওই নারীকে সড়কের পাশে ফেলে রেখে তাঁরা পালিয়ে যান। কয়েক দিন পর ওই নারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় পুলিশ কালাম ও সুমনকে শনাক্ত করে। পরে ওই নারী বাদী হয়ে কালাম ও সুমনকে আসামি করে মুক্তাগাছা থানায় মামলা করেন। মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বৃহস্পতিবার আবুল কালাম ও সুমনের যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে দুজনকে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।