শ্রমিককে নদীতে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না পেয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় এক শ্রমিককে পিটিয়ে মেঘনা নদীতে ফেলে দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল সোমবার উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ওই শ্রমিক নিখোঁজ রয়েছেন। নৌযানের কয়েকজন শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ভোররাতে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের চর কিশোরগঞ্জ এলাকায় মেঘনা নদীর মোহনায় নিলয় লিমিটেড নামের একটি বালুভর্তি বাল্কহেডে এসে সন্ত্রাসীরা চাঁদা দাবি করে। এ সময় বাল্কহেডের চালক ফারুক মিয়া চাঁদা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা জোর করে ভেতরে ঢুকে ফারুকের কাছ থেকে ১৩ হাজার ৫০০ টাকা ছিনিয়ে নেয়। এরপর বাল্কহেডের শ্রমিক সিদ্দিক মিয়ার কাছে চাঁদা দাবি করা হয়। তিনিও টাকা দিতে অস্বীকার করলে তাঁকে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেওয়া হয়। দিনভর নদীতে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ সিদ্দিক মিয়ার বাড়ি ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামে। বাল্কহেডের চালক ফারুক মিয়া বলেন, সন্ত্রাসীরা চাঁদা না পেয়ে সিদ্দিককে পিটিয়ে নদীতে ফেলে দিয়েছে। থানার ওসি মঞ্জুর কাদের জানান, এ ঘটনায় ফারুক মিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন। মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি