শ্রমিককে মারধরের অভিযোগ, চট্টগ্রাম-কাপ্তাই বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক পরিবহনশ্রমিককে মারধরের অভিযোগে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহনশ্রমিকেরা। আজ রোববার সকাল থেকে তাঁরা নগরের বহদ্দারহাট বাস টার্মিনাল থেকে কাপ্তাইগামী বাস চলাচল বন্ধ রেখেছেন। সকাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে কাপ্তাইগামী যাত্রীরা। তারা অন্য গাড়ি করে গন্তব্যে যাচ্ছে।

চট্টগ্রাম-কাপ্তাই বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত রোববার দুপুরে প্রথম আলোকে বলেন, গতকাল শনিবার সন্ধ্যায় নগরের কাপ্তাই রাস্তার মাথা এলাকায় কিছু অবৈধ সিএনজিচালিত অটোরিকশাচালক ও স্থানীয় সন্ত্রাসী মিলে মোহাম্মদ মামুন নামের এক পরিবহনশ্রমিককে মারধর করে। এই ঘটনার প্রতিবাদে পরিবহনশ্রমিকেরা চট্টগ্রাম থেকে কাপ্তাইগামী বাস চলাচল বন্ধ রেখেছেন।

মোহাম্মদ শওকত অভিযোগ করেন, সিএনজিচালিত অটোরিকশার কিছু শ্রমিক প্রায় পরিবহনশ্রমিকদের সঙ্গে যাত্রী নিয়ে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন। তাঁদের সঙ্গে যোগ দেয় কিছু স্থানীয় সন্ত্রাসী। সন্ত্রাসীরা অবৈধ সিএনজিস্ট্যান্ড থেকে চাঁদা নিয়ে থাকে। বিষয়গুলো স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

জানতে চাইলে চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঈনুর রহমান আজ দুপুরে প্রথম আলোকে বলেন, পরিবহনশ্রমিককে মারধরের বিষয়টি পুলিশকে জানানো হয়নি। বাস চলাচল বন্ধের খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।