শ্রমিককে লাঞ্ছিত করার প্রতিবাদে চা-বাগানে কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাত্রখলা চা-বাগানের এক শ্রমিক সরদারকে লাঞ্ছিত করার প্রতিবাদে ওই বাগানের শ্রমিকেরা গতকাল শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন।
একই সঙ্গে তাঁরা এ ঘটনায় জড়িত বাগানটির সহকারী ব্যবস্থাপক মাহবুবুর রহমানকে অপসারণের দাবি জানিয়েছেন। কর্মবিরতি পালনের একপর্যায়ে চা-শ্রমিকেরা বাগানের কারখানা ও কার্যালয়ের প্রধান ফটকে অবস্থান নিয়ে চা-বাগান ব্যবস্থাপক ও কর্মচারীদের চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন।
চা-শ্রমিকেরা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৩ আগস্ট বাগানের সহকারী ব্যবস্থাপক (কারখানা) মাহবুবুর রহমান শ্রমিক সরদার বনমালী বীনকে লাঞ্ছিত করেন। অবশ্য মাহবুবুর রহমান অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল আটটায় শ্রমিকেরা কর্মবিরতি পালন শুরু করেন।
পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান, ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞাসহ চা-বাগানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত চা-শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে আগামীকাল রোববার ইউএনওর কার্যালয়ে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে দুপুর ১২টায় কর্মবিরতি প্রত্যাহার করে শ্রমিকেরা কাজে যোগ দেন।