শ্রমিকদের অঙ্গ সংযোজন করবে জয়পুর ফুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের রানা প্লাজা ভবনধসে যাঁরা অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়েছেন, ভারতের জয়পুর ফুট বিনা মূল্যে তাঁদের অঙ্গ সংযোজন করবে। আজ সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

ভারতের কৃত্রিম অঙ্গ সংযোজনকারী সংস্থা জয়পুর ফুটের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী  মজিবুর রহমান ফকিরের সঙ্গে দেখা করে এ প্রস্তাব দেয়।

রানা প্লাজা ছাড়াও যাঁরা অন্যান্য দুর্ঘটনায় অঙ্গ হারিয়েছেন, তাঁদেরও সহায়তা দেবে জয়পুর ফুট। প্রতিনিধিদলটি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন অঙ্গহারা রোগীদের চাহিদা যাচাই করছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী অক্টোবরের প্রথম দিকে বাংলাদেশে একটি অস্থায়ী ক্যাম্প করে এই কৃত্রিম অঙ্গ সংযোজনের কাজ করা হবে। এর আগে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল সেপ্টেম্বরে বাংলাদেশে এসে অঙ্গ সংযোজনের চাহিদা যাচাই করে বাংলাদেশ সরকারের সঙ্গে কার্যক্রম চূড়ান্ত করবে।

রানা প্লাজাসহ বিভিন্ন দুর্ঘটনায় অঙ্গ হারিয়েছেন, এমন ১০০ জন রোগীর অঙ্গ সংযোজনের জন্য সেপ্টেম্বরে থাইল্যান্ড থেকে একটি বিশেষজ্ঞ দলের বাংলাদেশে আসার কথা।