শ্রমিকদের অধিকার আদায়ে আন্দোলন গড়ে তুলতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রায় সব দেশে শ্রমিকেরা তাঁদের অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পুঁজিবাদী ব্যবস্থায় একটি বিশেষ শ্রেণি শ্রমিকদের শোষণ করে যাচ্ছে। বাংলাদেশের শ্রমিকদের নিজস্ব সংস্কৃতি, সম্প্রীতি   ও ভালোবাসা দিয়ে অধিকার     আদায় করতে হবে। না হলে সবাইকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে৷

গতকাল রোববার বিকেলে গুলিস্তানে ঢাকা মহানগর নাট্যমঞ্চের বশির মিলনায়তনে এক শ্রমিক সমাবেশে এসব কথা বলেন বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (ডব্লিউএফটিইউ) সাধারণ সম্পাদক জর্জ মাভরিকস। ডব্লিউএফটিইউর ১৭তম কংগ্রেস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে সংগঠনটির বাংলাদেশ কমিটি।

প্রধান অতিথির বক্তব্যে জর্জ মাভরিকস বলেন, দেশ-বিদেশে শ্রমিকদের অধিকার আদায়ে প্রতিবাদ করলেই তাঁদের ওপর চরম নির্যাতন করা হচ্ছে। এর সঙ্গে অভিবাসী শ্রমিকদের সমস্যাও রয়েছে। তাই প্রত্যেককে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে অধিকার ও দাবিদাওয়া আদায়ে আন্দোলন করতে হবে। এ ছাড়া ভবিষ্যতে শ্রমিকদের অধিকার আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

ডব্লিউএফটিইউর বাংলাদেশ কমিটির সমন্বয়কারী ও জাতীয় শ্রমিক জোটের সভাপতি সাংসদ শিরিন আক্তার বলেন, দেশে গার্মেন্টস শ্রমিকদের ওপর কথায় কথায় হামলা, মামলা ও নির্যাতন করছেন মালিকেরা। এই শ্রেণির মানুষের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে৷ এর বিকল্প কিছু নেই৷ ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই শুরু হয়েছে।

শিরিন আক্তারের সভাপতিত্বে সমাবেশে জাতীয় শ্রমিক ফেডারেশনের সহসভাপতি হিমাংশু সাহা, কর্মচারী সমন্বয় পরিষদের মহাসচিব নোমানুজ্জামান, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সভাপতি জাহিদুল হক, জাতীয় শ্রমিক জোটের সভাপতি মেজবাউদ্দিন আহমেদ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি শহিদুল্লাহ চৌধুরী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ বক্তব্য দেন।