
নিউইয়র্ক থেকে নির্বাচিত কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেছেন, সাভার ট্র্যাজেডির ঘটনা এবং বাংলাদেশের শ্রমিকদের অবস্থা সম্পর্কে যুক্তরাষ্ট্র ওয়াকিবহাল। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে শ্রমিকদের ন্যায্য অধিকার আর জানমালের নিরাপত্তা চাই।’
গত বৃহস্পতিবার নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত আলোচনা সভায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ফরেন অ্যাফেয়ার্স কমিটির প্রভাবশালী সদস্য কংগ্রেসওম্যান গ্রেস মেং এসব কথা বলেছেন। অনুষ্ঠানে রানা প্লাজা ধসের ঘটনায় নিহত ব্যক্তিদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। গ্রেস মেংয়ের বিশেষ উদ্যোগে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গ্রেস মেং বলেন, ‘আমরা রানা প্লাজা ট্র্যাজেডির মর্মান্তিক বেদনা ভুলে যেতে পারি না। সব ধরনের সংকট কাটিয়ে উঠে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক বৃদ্ধি, বিশেষ করে বাংলাদেশের পোশাকশিল্প থেকে আরও ভালো উৎপাদিত পণ্য চাই।’
গ্রেস মেং রানা প্লাজা ধসের ঘটনার পরে ওয়াল-মার্ট, গ্যাপ ও আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনসহ যুক্তরাষ্ট্রের বড় বড় কোম্পানিকে চিঠি দেন। চিঠিতে তিনি বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানের কর্মীদের নিরাপত্তাসহ সার্বিক উন্নয়ন এবং উৎপাদিত সামগ্রীর ব্যবহার বাড়াতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছিলেন। অনুষ্ঠানে কনসাল জেনারেল শামীম আহসান রানা প্লাজা ট্র্যাজেডির ঘটনার পর বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপ ও অবস্থান তুলে ধরে বলেন, সরকার শ্রমিকদের ন্যায্য অধিকার ও ক্ষতিপূরণ প্রদানে বদ্ধপরিকর।