রংপুরের বদরগঞ্জ উপজেলার শ্যামপুরে অবস্থিত রংপুর ডিস্টিলারিজ অ্যান্ড কেমিক্যালস লিমিডেটের শ্রমিক-কর্মচারীদের অনশন কর্মসূচি স্থগিত হয়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলে রাব্বি জুস ও রুটি খাইয়ে তাঁদের অনশন ভাঙান।
উপজেলা চেয়ারম্যান এ সময় শ্রমিকদের উদ্দেশে বলেন, ‘আপনাদের দাবি ন্যায়সংগত। সব দাবি আদায়ে আপনাদের সঙ্গে আমিও কাজ করব। তবে আমরণ অনশনের মতো কঠিন কর্মসূচি থেকে বিরত থাকতে হবে।’ আন্দোলনরত শ্রমিক সেলিম মিয়া বলেন, ‘আমরা উপজেলা পরিষদের চেয়ারম্যানের আশ্বাসে আপাতত আমরণ অনশন থেকে সরে এসেছি। তবে দাবি আদায়ে অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।’
শ্রমিকদের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে শ্রমিক ছাঁটাই বন্ধ, বকেয়া বেতন আদায় ইত্যাদি। সোমবার সকাল থেকে প্রতিষ্ঠানের মূল ফটকের সামনে শ্রমিক-কর্মচারীরা দাবি আদায়ে আমরণ অনশন শুরু করেন। গত মঙ্গলবার রাতে শ্রমিক আমির হামজা (৪৮) ও পরেশ সেন (৫৮) গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ বিষয়ে ২১ এপ্রিল প্রথম আলোয় ‘বকেয়া বেতনের দাবিতে আমরণ অনশন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।