মূল বেতনের সমপরিমাণ বোনাসের দাবিতে গতকাল সোমবার চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী সড়ক অবরোধ করেছেন দুটি পোশাক কারখানার শ্রমিকেরা। এতে যানবাহনের যাত্রী ও সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়।
বায়েজিদ বোস্তামী সড়কের শেরশাহ এলাকার এশিয়ান গ্রুপের পোশাক কারখানা চিটাগং এশিয়ান অ্যাপারেলস ও ফরচুন অ্যাপারেলসের শ্রমিকেরা এই অবরোধ করেন। বেলা সাড়ে তিনটায় শ্রমিকেরা সড়ক অবরোধ শুরু করেন। দাবি মেনে নেওয়ার আশ্বাস পেয়ে সন্ধ্যা ছয়টায় তাঁরা অবরোধ তুলে নেন।
কারখানা সূত্র জানায়, কারখানা দুটিতে প্রায় সাড়ে চার হাজার শ্রমিক আছেন। শ্রমিকেরা জানান, তাঁরা মূল বেতনের সমপরিমাণ বোনাসের দাবি জানিয়ে আসছিলেন। কিন্তু মালিকপক্ষ তা দিতে রাজি হচ্ছিলেন না। যে কারণে তাঁরা ঈদের আগে বোনাস নেননি।
মো. আনোয়ার নামের একজন শ্রমিক বলেন, ‘আমাদের বলা হয়, হিসাবনিকাশ করে ঈদের পর বোনাস দেওয়া হবে। সে অনুযায়ী আজ (সোমবার) বোনাস দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ বোনাস দিচ্ছিল মূল বেতনের ৩৫ শতাংশ। তাই আমরা বোনাস না নিয়ে রাস্তায় নেমে আসি।’
সরেজমিনে দেখা যায়, কারখানা দুটির শ্রমিকেরা শেরশাহ মোড় এলাকায় বায়েজিদ বোস্তামী সড়কে বসে আছেন। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। সড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা।
খবর পেয়ে বায়েজিদ থানার পুলিশ ও শিল্প পুলিশের প্রায় ১০০ সদস্য ঘটনাস্থলে যান। একই সময় তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর চট্টগ্রামের কর্মকর্তারাও ঘটনাস্থলে যান। তাঁরা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হন। একপর্যায়ে চিটাগং এশিয়ান অ্যাপারেলসের কয়েকজন কর্মকর্তা শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে উঠলে তাঁরা পুলিশ পাহারায় কারখানায় ফিরে যান। পরে বিকেল সাড়ে পাঁচটার দিকে এশিয়ান গ্রুপের পরিচালক জহির উদ্দিনসহ কয়েকজন কর্মকর্তা ঘটনাস্থলে হাজির হন। তাঁরা পুলিশের উপস্থিতিতে শ্রমিকের কয়েকজন প্রতিনিধিকে ডেকে নিয়ে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। এরপর শ্রমিকেরা সড়ক থেকে উঠে যান।
এশিয়ান গ্রুপের পরিচালক জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা শ্রমিকদের দাবি মেনে আগামীকাল (মঙ্গলবার) থেকে বোনাস দেওয়া শুরু করব। আশা করি, দুদিনের মধ্যে বোনাস দেওয়া শেষ হবে।’ তিনি বলেন, ‘আমরা মূল বেতনের পুরোটা দেওয়ার চেষ্টা করব।’
বিজিএমইএর উপসচিব করিম উল্লাহ বলেন, ‘পবিত্র ঈদুল আজহার আগে সরকার পরিপত্র জারি করে উৎসব বোনাস সর্বোচ্চ মূল বেতনের সমপরিমাণ দেওয়ার কথা বলেছে। সেখানে সর্বনিম্ন কত হবে তা উল্লেখ নেই। তাই প্রতিটি প্রতিষ্ঠান নিজেদের পলিসি অনুযায়ী বোনাস নির্ধারণ করছে। এশিয়ান গ্রুপও তাদের আগের নিয়মে যথাক্রমে মূল বেতনের ৬৫ ও ৩৫ শতাংশ করে বোনাস দিয়ে আসছে। কিন্তু কারখানা দুটির শ্রমিকেরা ঈদের আগে ওই পরিমাণ বোনাস নিতে রাজি হননি।’
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ বলেন, শ্রমিকেরা দুই ঘণ্টার বেশি সময় সড়কে ছিলেন। এতে যানজটের সৃষ্টি হয়।
দুর্ভোগ: শ্রমিকদের অবরোধে কারণে সড়কের দুই পাশে অনেক যানবাহন আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
হাটহাজারীগামী একটি মিনিবাসের চালক রফিক বলেন, ‘আমি প্রথমেই আটকা পড়েছি। এ কারণে গাড়ি ঘুরিয়ে বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সুযোগ পাইনি। যাত্রীরা সবাই নেমে হাঁটা শুরু করেছে।’
যানজটের কারণে বিভিন্ন যানবাহনের যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। নগর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে সপরিবারে ফতেয়াবাদ যাচ্ছিলেন মোক্তার হোসেন। বিকেল চারটার দিকে তাঁদের বহনকারী অটোরিকশাটি অবরোধের কারণে আটকা পড়ে। পরে তাঁরা অটোরিকশা থেকে নেমে হেঁটে অবরোধস্থল পার হয়ে রিকশায় অক্সিজেন মোড়ের উদ্দেশে যাত্রা করেন। তিনি বলেন, ‘প্রায় এক কিলোমিটার হেঁটে রিকশা করে অক্সিজেন মোড়ে যাচ্ছি। সেখান থেকে অটোরিকশা নিয়ে ফতেয়াবাদ যাব।’