বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, জাতীয় প্রবৃদ্ধি অব্যাহত রাখার পূর্বশর্ত হলো শ্রমিকদের আস্থায় নেওয়া। তাঁদের অভুক্ত ও বঞ্চিত রেখে উৎপাদন বাড়ানো সম্ভব নয়।চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে গতকাল শুক্রবার বিকেলে জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলা সম্মেলনে তিনি এ কথা বলেন। প্রধান অতিথি হিসেবে তিনি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলন উদ্বোধন করেন।মেনন জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমিকদের জীবনমান উন্নয়নে অবিলম্বে মজুরি কমিশনের রিপোর্ট বাস্তবায়ন এবং শ্রম আইন সংশোধনের কাজ চূড়ান্ত করার দাবি জানান। তিনি শ্রমিকদের জন্য রেশনিংব্যবস্থা চালু করারও দাবি জানান। জাতীয় শ্রমিক ফেডারেশন বাংলাদেশের চট্টগ্রাম জেলা সভাপতি আবু হানিফ সম্মেলনে সভাপতিত্ব করেন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক কামরুল আহসান, জাতীয় গার্মেন্টস ফেডারেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি আমিরুল হক, ফেডারেশনের চট্টগ্রাম জেলার কার্যকরী সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক দিদারুল আলম ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন।