শ্রমিকদের অসন্তোষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের নাউজুর এলাকায় মহাসড়কে বিভিন্ন জিনিসপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেন পোশাকশ্রমিকেরা। ছবি: এম রানা, গাজীপুর
গাজীপুরের নাউজুর এলাকায় মহাসড়কে বিভিন্ন জিনিসপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেন পোশাকশ্রমিকেরা। ছবি: এম রানা, গাজীপুর

রাজধানীর বনানী ও নাবিস্কো, গাজীপুর, কালিয়াকৈর, সাভার ও টঙ্গীতে আজ সোমবার সকাল থেকে পোশাকশ্রমিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এ সময় বিক্ষোভ, সংঘর্ষ, ভাঙচুর, অগ্নিসংযোগ ও মহাসড়ক অবরোধের ঘটনা ঘটে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করেছেন পোশাকশ্রমিকেরা। রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

বনানী: প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, বনানীর চেয়ারম্যানবাড়ি-সংলগ্ন সড়কে আজ বেলা সাড়ে ১১টার দিকে পোশাক কারখানার কয়েক শ শ্রমিক বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কাকলীর দিকে যাওয়ার চেষ্টা করে।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) খন্দকার লুত্ফুল কবীর প্রথম আলো ডটকমকে জানান, অনন্যা গার্মেন্টস নামের একটি কারাখানার শ্রমিকেরা রাস্তায় নেমেছেন। সড়ক থেকে সরিয়ে দেওয়ার জন্য তাঁদের সঙ্গে কথা বলছে পুলিশ।

নাবিস্কো: আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের নাবিস্কো এলাকায় আজ সকাল ১০টার দিকে বেতন বাড়ানোর দাবিতে বিভিন্ন পোশাক কারখানার কয়েক হাজার শ্রমিক রাস্তায় নেমে আসেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এর ফলে গুলশান-তেজগাঁও লিংক রোডে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টার দিকে সড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেয় পুলিশ। পরে সংশ্লিষ্ট সড়কে যান চলাচল শুরু হয়।

পুলিশের বিশেষ শাখার পরিদর্শক সিরাজুল আলম প্রথম আলো ডটকমকে জানান, নাবিস্কো মোড়ে তোফাজ গার্মেন্টসের সামনে দুটি মোটরসাইকেল এবং একই এলাকার আল আমিন গার্মেন্টসের সামনে একটি মাইক্রোবাসে আগুন দিয়েছেন পোশাকশ্রমিকেরা।
এর আগে তেজগাঁও বিভাগের পুলিশের উপকমিশনার বিপ্লব কুমার সরকার জানিয়েছিলেন, শ্রমিক অসন্তোষের জেরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাভার: আমাদের নিজস্ব প্রতিবেদক জানান, আজ সকাল আটটার দিকে সাভারের উলাইল এলাকার স্ট্যান্ডার্ড গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা ন্যায্য মজুরির দাবিতে কারখানার ভেতরে বিক্ষোভ করতে থাকেন।
সকাল সাড়ে আটটার দিকে তাঁরা কারখানা থেকে বের হয়ে আল মুসলিম গ্রুপ ও যমুনা গ্রুপসহ কয়েকটি কারখানায় বাইরে থেকে ইটপাটকেল ছোড়েন। এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই সব কারখানার অধিকাংশই ছুটি ঘোষণা করা হয়। তবে আল মুসলিম গ্রুপের কারখানার ভেতর থেকে একদল অজ্ঞাত লোক শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিক্ষুব্ধ শ্রমিকেরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রায় ১০টি যানবাহন ভাঙচুর করেন।
খবর পেয়ে সাভার মডেল থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে যায়। ধাওয়া করলে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ বেধে যায়। ধাওয়া-পাল্টাধাওয়ার একপর্যায়ে রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকেরা মহাসড়ক থেকে সরে যান। এরপর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল শুরু হয়। সকাল ১০টা পর্যন্ত বিক্ষুব্ধ শ্রমিকেরা বিভিন্ন গলিতে অবস্থান করছিলেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল প্রথম আলো ডটকমকে বলেন, বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকেরা বিভিন্ন কারখানায় হামলা চালান। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

গাজীপুর: আমাদের প্রতিনিধি জানান, ন্যূনতম বেতন বাড়ানোর দাবিতে আজ সকাল নয়টা থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা, নাওজুড় ও কোনাবাড়ি এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
নাউজুর এলাকায় মহাসড়কে বিভিন্ন জিনিসপত্র জড়ো করে তাতে আগুন ধরিয়ে দেন পোশাকশ্রমিকেরা।
বেলা সাড়ে ১১টার পর গাজীপুর শিল্প ও জেলা পুলিশ চান্দনা চৌরাস্তা ও কোনাবাড়ি এলাকায় উপস্থিত হয়। লাঠিপেটা ও ধাওয়া করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
নাউজুর এলাকায় দুপুর ১২টার দিকে বিপুলসংখ্যক পুলিশ জড়ো হয়ে শ্রমিকদের লক্ষ্য করে কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এতে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মহাসড়কে জ্বলতে থাকা আগুন নেভান।
দুপুর ১২টার পর থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিক অসন্তোষের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট এলাকার শতাধিক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

কালিয়াকৈর: আমাদের গাজীপুর প্রতিনিধি আরও জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় কয়েকটি কারখানায় আজ বেলা তিনটার দিকে ছুটি দেওয়া হয়। পরে কারখানার শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। তাঁরা মহাসড়কের ওপরে কয়েকটি জায়গায় টায়ারে আগুন দেন। খবর পেয়ে পুলিশ গিয়ে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে। এ সময় শ্রমিকেরা কিছুটা দূরে চলে যান। তবে তাঁরা কিছুটা সরে গিয়ে মহাসড়কের আরেক জায়গায় আবারও আগুন জ্বালিয়ে অবরোধ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত শ্রমিকেরা সেখানেই অবস্থান করছেন। গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক শওকত কবির জানান, তাঁরা শ্রমিকদের বিক্ষোভ ও আন্দোলন নিয়ন্ত্রণ করারা চেষ্টা করছেন।

টঙ্গী (গাজীপুর): আমাদের প্রতিনিধি জানান, সন্ত্রাসী হামলায় শ্রমিক মারা গেছেন—এমন গুজবে টঙ্গীর আবা গ্রুপের বিক্ষুব্ধ শ্রমিকেরা আজ সকাল আটটা থেকে সোয়া ১০টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। টঙ্গী বাজার এলাকার সেনাকল্যাণ ভবনের সামনে তাঁরা এ অবস্থার সৃষ্টি করেন।
এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ হয়। শ্রমিকেরা বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। সকাল সোয়া ১০টার দিকে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান।
এদিকে উদ্ভূত পরিস্থিতিতে টঙ্গীর বিভিন্ন এলাকার দুই শতাধিক পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল রোববার দুপুরে বহিরাগত সন্ত্রাসীদের হামলায় আবা গ্রুপ পোশাক কারখানার একজন শ্রমিক আহত হন। চিকিত্সাধীন অবস্থায় হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে—আজ সকালে এমন খবর ছড়িয়ে পড়লে শ্রমিক অসন্তোষ দেখা দেয়।
তবে শ্রমিকদের কাছে ওই ব্যক্তির নাম-পরিচয় জানতে চাইলে তাঁরা তা জানাতে পারেননি। এমনকি কোন হাসপাতালে তিনি মারা গেছেন, সে ব্যাপারেও তাঁরা কিছু বলতে পারেননি। পুলিশ শ্রমিক মৃত্যুর বিষয়টিকে গুজব বলে দাবি করছে।
টঙ্গী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ প্রথম আলো ডটকমকে বলেন, শ্রমিক নিহতের খবরটি গুজব। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
টঙ্গী মডেল থানার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. ফারুক হোসেন প্রথম আলো ডটকমকে বলেছেন, পরিস্থিতি এখন শান্ত রয়েছে।