শ্রমিকদের আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসে নিহত শ্রমিকদের প্রত্যেককে আজীবন আয়ের সমপরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার দাবি করেছেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার নেতারা। আজীবন, অর্থাৎ একজন শ্রমিকের চাকরিজীবন ৩০ বছরের হলে বর্তমান বাজারদর অনুযায়ী তিনি ৪৮ লাখ টাকা পাওয়ার কথা।
রানা প্লাজা ধসের তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল রোববার বিকেলে চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে এক সমাবেশে প্রত্যেক শ্রমিককে এই পরিমাণ ক্ষতিপূরণ এবং এ ঘটনায় দায়ী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।
সমাবেশে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, বাংলাদেশের ৪০ লাখ পোশাকশ্রমিকসহ শ্রমজীবী মানুষের জন্য এক ভয়াবহ শোক ও বেদনার দিন হলো ২৪ এপ্রিল। এদিন সাভারে রানা প্লাজা ভবনধসে ১ হাজার ১৩৭ জন নিহত, ২ হাজার ৫০০ জন পঙ্গু ও ৩০০ শ্রমিক নিখোঁজ হন। মালিকের অবহেলায় পোশাকশিল্পে সারা দুনিয়ায় এত বড় প্রাণহানি আর হয়নি। আর এই প্রাণহানির জন্য দায়ী ব্যক্তিদের বিচার এখনো হয়নি। তিনি বলেন, ভবনের মালিক কারাগারে থাকলেও পোশাক কারখানার মালিক ও দায়ী সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। নিহত-আহত শ্রমিকদের সরকারি ত্রাণ তহবিল, আন্তর্জাতিক ক্রেতা ও বিভিন্ন সংস্থার পক্ষ থেকে দান-অনুদান দেওয়া হয়েছে। ক্ষতিপূরণ কোনো দান নয়, অধিকার। ১৮৫৫ সালের শ্রম আইন বিবেচনা করলে প্রত্যেক শ্রমিক ন্যূনতম ৪৮ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।
সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী বলেন, বাংলাদেশে জাতীয় ন্যূনতম মজুরি নেই। পোশাকশিল্পে মজুরি ৫ হাজার ৩০০ টাকা। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও সাংসদদের বেতন বেড়েছে। পোশাকশ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করতে হবে। ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করতে হবে।
সমাবেশে বক্তারা ২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস এবং রানা প্লাজা ভবনধসের স্থানে ও জুরাইন কবরস্থানে স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানান।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সেলিম মাহমুদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওসমান আলী, সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা শাখার সমন্বয়ক নিখিল দাস, কমিউনিস্ট পার্টির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খালেকুজ্জামান লিপন প্রমুখ।