
কালাগুল চা-বাগান চালুর দাবিতে সিলেটে চা-শ্রমিকদের বিক্ষোভ দমাতে এবার সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একটি দল মাঠে নেমেছে। গতকাল রোববার সকালে চা-শ্রমিকেরা মিছিল করে গিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিতে চাইলেও পুলিশ শ্রমিকদের বাগান থেকে মিছিল নিয়ে বের হতে দেয়নি। একপর্যায়ে স্মারকলিপি কেড়ে নেয় পুলিশ। বাধার মুখে সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকেরা সিলেট শহরতলির মালনী ছড়া চা-বাগানের প্রধান ফটকের সামনে বিক্ষোভ শেষে বাগানে ফিরে যান।
চা-শ্রমিক সংগঠন সূত্র জানায়, দৈনিক মজুরি ৬৯ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে কালাগুল চা-বাগানে গত ১ জুলাই থেকে চা-শ্রমিক সংঘ ধর্মঘট ডাকে। এ অবস্থায় বাগান কর্তৃপক্ষ সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এবং সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদকে সমঝোতার দায়িত্ব দেয়।
কালাগুলে চা-শ্রমিকদের মজুরি বাড়ানো হলে সিলেটের আরও ২২টি বাগানে মজুরি বাড়াতে হবে—এ আশঙ্কায় ওই দুই নেতা ‘আগে কাজে যোগদান, পরে মজুরি বাড়ানোর আলোচনা’ করার আহ্বান জানান। এতে শ্রমিকেরা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন। গতকাল বিক্ষোভে ‘উপজেলা চেয়ারম্যানের ষড়যন্ত্র থেকে চা-শ্রমিকদের রক্ষা করুন’ স্লোগানের পোস্টার ও ফেস্টুনও ছিল চা-শ্রমিকদের হাতে।
প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে প্রায় এক হাজার ২০০ নারী ও পুরুষ চা-শ্রমিক বিক্ষোভ মিছিল করেন। তাঁরা বাগান থেকে পাঁচ কিলোমিটার পথ হেঁটে দুপুর ১২টার দিকে মালনী ছড়া চা-বাগানের ফটকে পৌঁছান। ফটকের সামনে সকাল থেকে ছিল পুলিশি পাহারা। মিছিলটি মালনী ছড়া বাগানের ফটকে আটকে দেয় সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রহমত উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ।
ফটকে অবস্থান করে চা-শ্রমিকেরা স্মারকলিপি দেওয়ার জন্য কয়েকজন প্রতিনিধিকে ফটকের বাইরে যেতে দিতে পুলিশকে অনুরোধ করেন। এ সময় এডিসি এক নারী চা-শ্রমিকের হাত থেকে স্মারকলিপি কেড়ে নেন।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, পুলিশ কর্মকর্তা ধর্মঘটি শ্রমিকদের কথায় কথায় ধমকাচ্ছিলেন। প্রায় আধা ঘণ্টা এভাবে অবস্থান করার পর বেলা একটার দিকে মালনী ছড়ার ফটক থেকে বিক্ষোভ মিছিল গুটিয়ে চা-শ্রমিকেরা কালাগুল চা-বাগানে ফিরে যান। ফটকে কর্তব্যরত পুলিশ দলও তখন ঘটনাস্থল ত্যাগ করে।
চা-শ্রমিকদের সঙ্গে এ রকম আচরণ করার কারণ জানতে চাইলে এডিসি প্রথম আলোকে বলেন, ‘এরা একটাও চা-শ্রমিক না। কালাগুলের ১৫-২০ জন চা-শ্রমিককে সামনে রেখে মিছিল করতে চাইছিল। সবাই সন্ত্রাসী ছিল। এ জন্য তাদের কিছু ধমক দিয়ে বিদায় করে দিয়েছি।’
স্মারকলিপি কেড়ে নেওয়া প্রসঙ্গে এডিসি বলেন, ‘স্মারকলিপি তারা লিখেনি। অন্য কেউ লিখে দিয়েছে। এ কারণে এটি আমাদের কাছে এনে রেখেছি।’ মিছিলে বাধা প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘কয়েক হাজার লোক ছিল। এরা বাইরে বের হলে কোনো অঘটন ঘটতে পারত। যেহেতু তারা আগে অনুমতি নেয়নি, তাই মিছিল নিয়ে বাইরে বের হতে দেওয়া হয়নি।’
স্মারকলিপির একটি অনুলিপি নিয়ে দেখা গেছে, সেখানে পুলিশের বিরুদ্ধে কোনো কথা নেই। সিলেটের জেলা প্রশাসন ও পুলিশ কমিশনারের মাধ্যমে শ্রম প্রতিমন্ত্রী বরাবর ছিল স্মারকলিপিটি। এতে কালাগুল চা-বাগানে ধর্মঘট জিইয়ে রাখতে সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা আশফাক আহমদের তৎপরতার কথা উল্লেখ করা হয়েছে। তবে এ ব্যাপারে আশফাক আহমদের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি।
চা-শ্রমিক সংঘের নেতারা জানান, পুলিশ স্মারকলিপির একটি কপি কেড়ে নিলেও পরে প্রতিনিধিদের মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে। বিকেলে সিলেটের জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানান, গতকাল তিনি সারা দিনই গোলাপগঞ্জ উপজেলার একটি অনুষ্ঠানে ছিলেন। তাঁর দপ্তরে স্মারকলিপি দেওয়া হলে সেটি যথাস্থানে পৌঁছানো হবে।