চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (সিইপিজেড) গত শুক্রবার বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়ক অবরোধ করতে একটি পক্ষ শ্রমিকদের ইন্ধন দিয়েছে বলে পুলিশ দাবি করেছে। পুলিশ বলেছে, ওই পক্ষটিকে শিগগিরই আইনের আওতায় আনা হবে।শ্রমিকেরা ইপিজেড মোড়ে গত শুক্রবার সড়ক অবরোধ করে। এতে নগরের সঙ্গে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্রসৈকতের সাড়ে পাঁচ ঘণ্টা যোগাযোগ বন্ধ থাকে।নগর পুলিশের বিশেষ শাখার নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গতকাল প্রথম আলোকে বলেন, এই ঘটনায় ইন্ধনদাতা হিসেবে চার-পাঁচজনকে তাঁরা শনাক্ত করেছেন। গোপনীয়তার স্বার্থে নামগুলো এখন প্রকাশ করা হবে না। তিনি বলেন, শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। এদিকে ঘটনার পর গতকাল শনিবার ইপিজেডে অন্তত ২০০ পুলিশ মোতায়েন ছিল। শ্রমিকেরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দিয়েছেন।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবছার চৌধুরী বলেন, ‘বাড়িভাড়া লাগামহীনভাবে বাড়ছে এটা ঠিক। কিন্তু এই আন্দোলনের পেছনে একটি তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। এটা আমরা জেনেছি। তারাই নিরীহ শ্রমিকদের রাস্তায় নামিয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে।’