রানা প্লাজার পোশাক কারখানার শ্রমিকদের এলাকা ছাড়তে প্রতিনিয়ত হুমকি দিয়ে চলেছে সন্ত্রাসীরা। রানা প্লাজা ধসের ঘটনায় ভবনমালিক সোহেল রানাসহ দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ আন্দোলন-সংগ্রাম করায় এ হুমকি দেওয়া হচ্ছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রানা প্লাজা ধসে আহত ও বেঁচে যাওয়া শ্রমিকেরা এ অভিযোগ করেন। তাঁরা বলেন, চলমান হুমকি-ধামকির কারণে অনেকেই আতঙ্কে আছেন। ভয়ে অনেকেই সংবাদ সম্মেলনেও আসেননি। সম্মেলনে শ্রমিকেরা নিরাপত্তাসহ ছয় দফা দাবি উত্থাপন করেন।
ক্ষতিপূরণ, বেতন-ভাতা ও সুচিকিৎসার দাবিতে রানা প্লাজা গার্মেন্টস শ্রমিক ইউনিয়নের ব্যানারে শ্রমিকেরা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। গত ১৮ মে শ্রমিকেরা এ সংগঠন প্রতিষ্ঠা করেন এবং তা গার্মেন্টস শ্রমিক ইউনিয়ন কেন্দ্রের সঙ্গে সংযুক্ত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রানা প্লাজার শ্রমিক ও ইউনিয়নের সদস্য শাবানা খাতুন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বিভিন্ন কারখানায় হাজার হাজার শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পরও কাউকে শাস্তি দেওয়া হই নাই। মনে হয়, দেশে কোনো আইন নাই, আইনের শাসন নাই। কোনো বিচার নাই। শ্রমিকেরা আইন বাস্তবায়নের দাবি করলে নেমে আসে নির্যাতনের খড়্গ, বরখাস্ত, ভাড়াটিয়া গুন্ডাদের হামলা, গ্রেপ্তার, মামলা, কাঁদানে গ্যাস ও গুলি। আমাদের ইউনিয়ন গঠন করার পর সন্ত্রাসী গডফাদারেরা হুমকি দিচ্ছে, হামলা করছে।’
সংগঠনের সহসভাপতি এমদাদুল ইসলাম বলেন, গত ৫ জুন কয়েকজন যুবক তাঁকে এলাকা ছাড়ার হুমকি দেন। সোহেল রানার ফাঁসিসহ বিভিন্ন দাবিতে আন্দোলন করায় ওই যুবকেরা এ হুমকি দেন। এমদাদুলের মতো একই অভিযোগ করেন শ্রমিক পিন্টু হোসেনও। শ্রমিকেরা বলেন, হুমকির কারণে আতঙ্কে সংগঠনের সভাপতি লাভলী আক্তার ও সাধারণ সম্পাদক আকাশ শেখ সংবাদ সম্মেলনে আসেননি। সবার ধারণা, সোহেল রানা জামিনে বের হয়ে এসে সবাইকে দেখে নেবে। অনেকেই ভয়ে থানায়ও অভিযোগ করতে সাহস পাচ্ছে না।
শ্রমিকেরা বলেন, এখনো পর্যন্ত অনেকে বকেয়া বেতন, সুযোগ-সুবিধা, চিকিৎসা ও ক্ষতিপূরণ পাননি। বিদেশ থেকে অনেক অনুদান আসার কথা শুনলেও তা কে কাকে কীভাবে দিচ্ছে, তার কোনো স্বচ্ছ হিসাব মিলছে না। শ্রমিকেরা নিরাপত্তা, রানা প্লাজা ধসের জন্য সোহেল রানাসহ দায়ী সবার দৃষ্টান্তমূলক শাস্তি, বকেয়া-বেতন ও অনুদান প্রদানে স্বচ্ছতাসহ ছয় দফা দাবি উত্থাপন করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা মনজুরুল আহসান খানসহ দলের কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তবে তাঁরা কোনো বক্তব্য দেননি।
পরে মনজুরুল আহসান খান প্রথম আলোকে বলেন, শ্রমিকদের সার্বিক নিরাপত্তায় প্রশাসনকে যথাযথ পদক্ষেপ নিতে হবে। সারা দেশে সোহেল রানা ও তাঁর সহযোগীর মতো অনেকেই আছে। তাঁদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলে দেশের শিল্প বাঁচবে। শ্রমিকেরা ভালো থাকবেন, দেশের মানুষও ভালো থাকবে।