গাজীপুরে পোশাকশ্রমিকদের ঘরভাড়া বাড়ানোর চেষ্টা
শ্রমিকদের ওপর হামলার জেরে শতাধিক ঘর ও দোকানে হামলা
গাজীপুর সদর উপজেলার জরুন এলাকায় ঘরভাড়া বাড়ানোর ঘোষণা দিয়েছেন বাড়ির মালিকেরা। এর প্রতিবাদে আন্দোলনের প্রস্তুতি নেওয়ার সময় গত শনিবার সন্ধ্যায় দেশীয় অস্ত্রশস্ত্র ও লোকজন নিয়ে পোশাকশ্রমিকদের ওপর হামলা চালান এক বাড়ির মালিক। এতে আহত হন কমপক্ষে ১৫ জন।
এর জের ধরে ক্ষুব্ধ শ্রমিকেরা গতকাল রোববার সন্ধ্যায় ওই বাড়ির মালিকসহ তিনটি বাড়ির কমপক্ষে ৬০টি ঘরে অগ্নিসংযোগ করেন এবং আশপাশের ৪০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শ্রমিক জানান, তাঁদের নতুন মজুরিকাঠামো ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা। জরুন এলাকার বাড়ির মালিক মো. কাউসার আলী আশপাশের মালিকদের সঙ্গে নিয়ে বাড়িভাড়া ৪০০ থেকে ৫০০ টাকা করে বাড়িয়ে দেন। এ নিয়ে বাড়ির মালিকদের সঙ্গে শ্রমিকদের একাধিকবার বাগিবতণ্ডা হয়।
স্থানীয় ইসলাম কারখানার নিটিং বিভাগের ব্যবস্থাপনা পরিচালক মো. আইনুল আলম এলাকাবাসীর বরাত দিয়ে জানান, বাড়িভাড়া বাড়ানোর প্রতিবাদে আন্দোলনের প্রস্তুতি নিতে শ্রমিকেরা শনিবার সন্ধ্যায় জরুন রোডের বালুর মাঠ এলাকায় সভা আহ্বান করেন। বিষয়টি জানতে পেরে বাড়ির মালিক কাউসারের নেতৃত্বে স্থানীয় লোকজন শ্রমিকদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালান। এ সময় লাঠির আঘাতে ও দায়ের কোপে কমপক্ষে ১৫ জন শ্রমিক আহত হন। তাঁদের কোনাবাড়ী শরীফ জেনারেল হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকে ভর্তি করা হয়। এ ঘটনার পরদিন গতকাল সকালে শ্রমিকেরা কাউসারের বাড়ির সব ভাড়াটেক বিকেল পাঁচটার মধ্যে নিজ দায়িত্বে ঘর ছেড়ে চলে যেতে বলেন।
গাজীপুর সিটি করপোরেশনের ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. হুমায়ুন কবির জানান, বাড়িভাড়া বৃদ্ধির চাপ ও মারধরের ঘটনায় গতকাল সন্ধ্যার দিকে শ্রমিকেরা জরুন রোডের ছোট-বড় ৪০টি দোকানে ভাঙচুর ও লুটপাট চালান। পরে কাউসারের বাড়িসহ আশপাশের আরও তিনটি বাড়িতে অগ্নিসংযোগ করেন। এতে কমপক্ষে ৬০টির মতো ঘর পুড়ে যায়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গাজীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আবু জাফর আহমেদ বলেন, আগুন নেভাতে গেলে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে চালক আবদুর রহিম, ফায়ারম্যান মনির হোসেন ও দীপক আহত হন। রাত নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণ করা হয়। ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা যায়নি।
অতিরিক্ত পুলিশ সুপার সঞ্জীব কুমার রায় জানান, শ্রমিকদের ওপর হামলা এবং এর জের ধরে ভাঙচুর ও অগ্নিসংযোগের পুরো ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।