দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির শ্রমিকদের আন্দোলন গতকাল রোববারও অব্যাহত ছিল। শ্রমিকেরা কর্মবিরতির পাশাপাশি খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে রেখেছেন। সমস্যা নিরসনে আজ সোমবার বেলা আড়াইটায় শ্রমিকদের ডেকেছে জ্বালানি মন্ত্রণালয়। শ্রমিকেরা জানান, কমিটির উপদেষ্টা মো. মোহসিন আলী সরকার, সভাপতি রবিউল ইসলামসহ সাত সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে যোগ দেবে।বড়পুকুরিয়া কয়লাখনি কর্তৃপক্ষ ও চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান এর আগে শ্রমিকদের সমস্যা নিরসনে কয়েকবার বৈঠক করেছে, কিন্তু সুরাহা হয়নি। আন্দোলনকারী শ্রমিকদের সংগঠন ‘বড়পুকুরিয়া কয়লাখনি শ্রমিক কর্মচারী ইউনিয়ন’-এর সভাপতি মো. রবিউল ইসলাম বলেন, সমস্যা সমাধানের জন্য জ্বালানি মন্ত্রণালয়ে শ্রমিকনেতাদের ডাকা হয়েছে। সমস্যার সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. কামরুজ্জামান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘শ্রমিক সমস্যা সমাধানের জন্য আমরা অনেক চেষ্টা করছি। মন্ত্রণালয়ের বৈঠকে অবশ্যই বিষয়টির সুরাহা হবে।’চাকরি স্থায়ীকরণসহ বেতন-বোনাস বৃদ্ধির দাবিতে সহস্রাধিক শ্রমিক গত ২৩ আগস্ট থেকে কর্মবিরতি শুরু করেন।