নৌশ্রমিকদের কর্মবিরতির তৃতীয় দিনেও চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অচলাবস্থা কাটেনি। এ কারণে বন্দরের বহির্নোঙরে অবস্থানরত বড় জাহাজ থেকে পণ্য খালাস হয়নি। বর্ধিত বেতন-ভাতা পরিশোধ এবং নৌপথে নিরাপত্তার দাবিতে গত বৃহস্পতিবার রাত ১২টা থেকে এই কর্মসূচি পালন করছেন সাধারণ শ্রমিকেরা। এ পরিস্থিতিতে গতকাল রোববার স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌপরিবহনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা। বৈঠকে অচলাবস্থা নিরসনের নানা দিক নিয়ে আলোচনা হলেও সমাধান হয়নি।বৈঠকে উপস্থিত নৌযান শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম প্রথম আলোকে বলেন, ‘বৈঠকে আমাদের দাবি নিয়ে আলোচনা হয়েছে। তবে লাইটার জাহাজ মালিকপক্ষ বৈঠকে ছিল না। বর্ধিত হারে বেতন-ভাতা পরিশোধের নিশ্চয়তা না দেওয়ায় কর্মবিরতি অব্যাহত আছে।’ এদিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস না হওয়া জাহাজের সংখ্যা আরও দুটি বেড়ে হয়েছে ২২টিতে। এসব জাহাজে ছয় লাখ টনের বেশি ভোগ্যপণ্য ও শিল্পের কাঁচামাল আমদানি হয়েছে। এ ছাড়া নদীপথে এবং দেশের নানা স্থানের ঘাটগুলোতে ৩১৭টি ছোট জাহাজে আটকে থাকা তিন লাখ ১৯ হাজার টন পণ্যও খালাস হয়নি। গত ১১ জানুয়ারি শ্রমিকদের ২০ শতাংশ বর্ধিত বেতন-ভাতা দেওয়ার বিষয়ে একমত হয় জাহাজ মালিকপক্ষ। কিন্তু ৭০ শতাংশ মালিকই বর্ধিত বেতন-ভাতা পরিশোধ করেননি। এ কারণে শ্রমিকেরা কর্মবিরতি কর্মসূচি পালন করছেন।