শ্রমিকদের কর্মবিরতি, রপ্তানি পণ্য পরিবহন বন্ধ
সাত দফা দাবিতে চট্টগ্রাম বন্দরের কনটেইনার পরিবহনকারী গাড়ি ‘প্রাইম মুভার ট্রেইলার’ মালিক শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি আজ সোমবার সকাল আটটা থেকে শুরু হয়েছে। কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর ও বেসরকারি ১৬টি ডিপো থেকে সব ধরনের কনটেইনার পরিবহন কার্যত বন্ধ রয়েছে।
বন্দর সূত্র জানা গেছে, ডিপো থেকে আজ সোমবার সকাল আটটার আগে যেসব রপ্তানি পণ্যভর্তি কনটেইনার বন্দরে নেওয়া হয়েছে, সেগুলো এখন জাহাজে তোলা হচ্ছে। নতুন করে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার ডিপো থেকে না এলে জাহাজে কনটেইনার বোঝাই কার্যক্রম বন্ধ হয়ে যাবে। প্রতিদিন দেড় হাজার একক কনটেইনার ডিপো থেকে বন্দরে এনে জাহাজে তোলা হয়।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম প্রথম আলোকে বলেন, ‘বিষয়টি দেখছি। বন্দরে পণ্য পরিবহন যাতে বাধাগ্রস্ত না হয়, সে জন্য শিগগিরই পদক্ষেপ নেওয়া হচ্ছে।’
‘প্রাইম মুভার ট্রেইলার’ মালিক শ্রমিক ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক গোলাম মাওলা প্রথম আলোকে বলেন, সাত দফা দাবিতে এই কর্মবিরতি চলছে। শ্রমিকেরা গাড়ি চালাচ্ছে না। মালিকেরা গাড়ি নামাচ্ছে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি চলবে। কর্মবিরতির কারণে ১৬টি বেসরকারি ডিপো ও বন্দর থেকে কনটেইনারবাহী পণ্য আনা-নেওয়া বন্ধ রয়েছে।
এই সাত দফা দাবি হলো সিটি করপোরেশনের কর ১০ হাজার টাকা প্রত্যাহার করে আগের মতো ৫০০ টাকা নির্ধারণ, চট্টগ্রাম বন্দর এলাকায় টার্মিনাল নির্মাণ, গাড়ির বিরুদ্ধে মামলা করা বন্ধ, ওজন স্কেলে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, চালকদের ভারী যানের লাইসেন্স প্রদান, প্রাইম মুভার ও ট্রেইলার একই নিবন্ধনের আওতায় আনা, বন্দর, বিআরটিএসহ সব সংস্থার সমন্বয়ে এই খাতে সমন্বিত নীতিমালা প্রণয়ন।
জানা গেছে, ডিপো থেকে রপ্তানি পণ্যভর্তি কনটেইনার পরিবহন হয় প্রাইম মুভার ট্রেইলারে করে। আবার বন্দর থেকে ডিপোতে এবং আমদানিকারকের চত্বরে কনটেইনারবাহী গাড়ি নেওয়া হয় ট্রেইলারে করে। মোট আট হাজার গাড়ির মাধ্যমে এসব কনটেইনার আনা-নেওয়া হয়।
বেসরকারি ডিপো মালিক সমিতি বিকডার সভাপতি নুরুল কাইয়ুম খান প্রথম আলোকে বলেন, দ্রুত এই সমস্যা সমাধান করা উচিত। না হলে রপ্তানি খাত ক্ষতির মুখে পড়বে।