শ্রমিকদের কর্মবিরতিতে পাটগ্রামে রেস্তোরাঁ বন্ধ
লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহরে শতাধিক রেস্তোরাঁ দুই দিন ধরে বন্ধ। এক হোটেল শ্রমিককে মারধর করার ঘটনার জের ধরে শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করছেন। এতে রেস্তোরাঁ বন্ধ থাকায় সাধারণ মানুষ দুর্ভোগ পোহাচ্ছে।
জানা গেছে, গত বুধবার রাতে পৌর শহরের রহিমা হোটেলের শ্রমিক রাকিবের (২০) সঙ্গে সোহাগপুর এলাকার মাসুদের বাগ্বিতণ্ডা হয়। এ ঘটনায় মাসুদ রেগে গিয়ে রাকিবকে মারধর করেন। পরে ওই রাতেই পাটগ্রাম থানায় মাসুদ ও তাঁর বাবা মাহাতাবের বিরুদ্ধে অভিযোগ দেন রাকিব। এ ঘটনার প্রতিবাদে পাটগ্রাম উপজেলা হোটেল শ্রমিক লীগের পক্ষ থেকে উপজেলার সব রেস্তোরাঁয় কর্মবিরতির ডাক দেওয়া হয়।
গত বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার সব রেস্তোরাঁয় কর্মবিরতি পালন করা হচ্ছে। সকালে । এতে উপজেলার শতাধিক হোটেল বন্ধ থাকায় গত বৃহস্পতি ও গতকাল শুক্রবার পৌরসভায় অবস্থিত রসুলগঞ্জ হাটবাজারে আসা হাজারো মানুষ দুর্ভোগের শিকার হয়।
হোটেল মালিকেরা জানান, শ্রমিককে মারধর করায় শ্রমিকেরাই কর্মবিরতি পালন করাচ্ছেন। ফলে তাঁরা বাধ্য হয়ে রেস্তোরাঁ বন্ধ রাখছেন।
পাটগ্রাম হোটেল শ্রমিক লীগের সভাপতি হামিদুর রহমান জানান, ‘শ্রমিক নির্যাতনের ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে। তবে এখন বিষয়টি নিয়ে মীমাংসা করার চেষ্টা করা হচ্ছে। মীমাংসা না হলে আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে।’
পাটগ্রাম পৌর মেয়র সমশের আলী জানান, বিষয়টি সুরাহা করার চেষ্টা চলছে।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।