দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত বাসিন্দারা গতকাল বুধবার থেকে তাঁদের পূর্বঘোষিত আমরণ অনশন কর্মসূচি বাতিল করেছেন। পাশাপাশি কয়লাখনিতে আন্দোলনকারী শ্রমিকেরাও কর্মবিরতিসহ ধর্মঘট প্রত্যাহার করে কাজে ফিরে গেছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি আদায়ের আশ্বাস ও ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ২২ সেপ্টেম্বর থেকে স্থায়ী ক্ষতিপূরণ দেওয়া শুরু করা হবে—ওই ঘোষণায় আমরণ অনশন কর্মসূচি বাতিল করা হয়েছে। গত সোম ও মঙ্গলবার দুই দিন জ্বালানি মন্ত্রণালয় এবং পেট্রোবাংলার দপ্তরে আন্দোলনকারী শ্রমিকনেতাদের সঙ্গে কর্তৃপক্ষ বৈঠক করেছে। বৈঠকে অধিকাংশ দাবি আদায়ের আশ্বাস পেয়ে তাঁরা কর্মবিরতিসহ সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছেন। ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ ও ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর, জেলা প্রশাসক জামাল উদ্দিন আহম্মেদ, কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামান, চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের মিশন চিফ, আন্দোলনকারী শ্রমিকদের উপদেষ্টা মো. মহসীন আলী সরকার, শ্রমিক সংগঠনের সভাপতি মো. রবিউল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুল মতিন। গতকাল দুপুর পৌনে ১২টায় কয়লাখনির শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. রবিউল ইসলাম বৈঠকের সিদ্ধান্ত উপস্থিত শ্রমিকদের পড়ে শোনালে শ্রমিকেরা তা মেনে নিয়ে কাজে যোগ দেন। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য সরকারঘোষিত প্যাকেজ ১৯০ কোটি টাকা দ্রুত বণ্টনের দাবিতে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’ গতকাল সকাল থেকে খনির প্রশাসনিক ভবনের ফটকের সামনে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিল। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সংগঠন ‘জীবন ও সম্পদ রক্ষা কমিটি’র আহ্বায়ক ইব্রাহীম খলিল বলেন, কর্তৃপক্ষ ২২ সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ক্ষতিপূরণ দিতে চেয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান এমপি ও পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর মুঠোফোনে এ বার্তা পাঠিয়েছেন। বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুজ্জামানও এর সত্যতা স্বীকার করে বলেছেন, ২২ সেপ্টেম্বর থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের টাকা দেওয়া আনুষ্ঠানিকভাবে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের অভিযোগ, তাঁদের ছেলেমেয়েদের খনিতে চাকরি দেওয়ার কথা ছিল। কিন্তু কর্তৃপক্ষ চাকরি দিচ্ছে না। আস্তে আস্তে এলাকার বাড়িঘর ভেঙে নদী হয়ে যাচ্ছে। আবাদি জমি পুকুর হয়ে গেছে। মানুষজন বাড়িঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। দুই মৌসুম থেকে শস্য ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। এলাকায় অভাব দেখা দিয়েছে। খনি কর্তৃপক্ষ কোনো কথা শুনছে না।ইব্রাহীম খলিল বলেন, সরকার ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য একটি প্যাকেজ দিয়েছে। প্রায় চার মাস আগে প্যাকেজের ১৯০ কোটি টাকা দিনাজপুর জেলা প্রশাসকের দপ্তরে জমাও হয়েছে। কিন্তু ওই টাকা বিতরণ করা হচ্ছে না। জেলা প্রশাসক জামাল উদ্দিন আহম্মেদ বলেন, শ্রমিকদের সুযোগ-সুবিধা আগের চেয়ে বাড়ানো হয়েছে। অনেক চেষ্টার পর শ্রমিকেরা কাজে ফিরে গেছেন। ক্ষতিগ্রস্ত গ্রামবাসীদেরও স্থায়ী ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে।