শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করাকে অগ্রাধিকার দিয়েছে সরকার: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার শ্রমিকদের কল্যাণের নিশ্চয়তা বিধানকে অগ্রাধিকার দিয়েছে। কারণ কৃষি, গার্মেন্ট এবং উৎপাদনের মতো শ্রমঘন খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড। বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিকারক সুইডেনভিত্তিক প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএমের একটি প্রতিনিধিদল গতকাল সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। বিশ্বব্যাপী ৪৪টি দেশে এইচঅ্যান্ডএমের দুই হাজার ৯০০ স্টোর রয়েছে। খবর বাসসের। প্রতিনিধিদলে নেতৃত্ব দেন এইচঅ্যান্ডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কার্ল জোহান পার্সন। প্রধানমন্ত্রী বলেন, ‘সরকার দেশে শিল্প উন্নয়নের পাশাপাশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গার্মেন্ট শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৮৭ শতাংশ বাড়ানো হয়েছে এবং আমরা তা কঠোরভাবে পর্যবেক্ষণ করছি।’প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গার্মেন্ট শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতকরণে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।’ শেখ হাসিনা বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানির জন্য এইচঅ্যান্ডএমকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি অর্জনে সহায়ক হবে। তিনি বাংলাদেশ থেকে আরও বেশি তৈরি পোশাক আমদানির জন্য এইচঅ্যান্ডএমের প্রতি আহ্বান জানান।কার্ল জোহান পার্সন বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতের সম্প্রসারণের কারণে তাঁরা এখানে তাঁদের ব্যবসাও সম্প্রসারিত করেছেন। এ সময় বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ উপস্থিত ছিলেন।