রানা প্লাজা ধসের এক বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের এক বিবৃতিতে বলা হয়েছে, শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ নিশ্চিত করা এবং তাঁদের স্বার্থ সুরক্ষায় বাংলাদেশ সরকার, মালিকপক্ষ, বাংলাদেশি পণ্যের ক্রেতাসহ সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্ব নিতে হবে। ভবিষ্যতে এ ধরনের বিপর্যয় এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয়, ট্রেড রিপ্রেজেনটেটিভের কার্যালয় এবং ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (এআইডি) গতকাল বুধবার যৌথভাবে ওই বিবৃতি দিয়েছে। এতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ১০০ বছর আগে ট্রায়াঙ্গাল শার্টওয়েস্ট বিপর্যয়ের মতো অপ্রয়োজনীয় ঝুঁকির ভয়াবহ পরিণামের বড় নিদর্শন হচ্ছে বাংলাদেশের রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের ঘটনা।
বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা ভুক্তভোগীদের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি এমন পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনসের মতো বিপর্যয় আর না ঘটে। গত জুনে প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশের জিএসপি-সুবিধা প্রত্যাহারের পর যেসব কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে, তা বাস্তবায়নে আমরা সব পক্ষকে নিয়ে কাজ করছি।’
বাংলাদেশের কারখানাগুলোতে শ্রমিকদের নিরাপত্তা ও তাঁদের অধিকার নিয়ে ২০১৩ সালের জুলাইয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সেই চুক্তির প্রসঙ্গ টেনে বিবৃতিতে বলা হয়, ‘আমরা ওই চুক্তির অংশীদার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশ সরকার গত বছর বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করে। কিন্তু এখনো অনেক কিছু করার আছে। বাংলাদেশের শ্রম আইন এবং বিশেষ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল আইনে শ্রমিকদের যেসব মৌলিক অধিকারের কথা বলা আছে, তা নিয়ে উদ্বেগ রয়ে গেছে। বাংলাদেশ সরকার পরিদর্শক নেওয়ার ক্ষেত্রে ধীর নীতিতে হাঁটছে। পরিদর্শকদের প্রতিবেদন সহজলভ্য ডাটাবেজের মাধ্যমে প্রকাশ্যে তুলে ধরা উচিত। এসব বাস্তবায়ন করা গেলে শ্রমিকদের নিরাপদ কাজের পরিবেশ, উপযুক্ত মজুরি ও বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা অর্জন সম্ভব হবে।