শ্রমিকদের ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন
গাজীপুরে বয়লার বিস্ফোরণে মিরসরাইয়ের তিন শ্রমিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার বিকেল চারটায় নগরের প্রেসক্লাবের সামনে মিরসরাইয়ের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গাজীপুরের মাল্টিফ্যাবস কারখানায় বয়লার বিস্ফোরণে নিহত হওয়ার পর তাঁদের বিরুদ্ধে কতৃর্পক্ষ মিথ্যা মামলা দায়ের করেছে। ক্ষতিপূরণ না দেওয়ার জন্য মালিক পক্ষ এই অপকৌশলের আশ্রয় নিয়েছেন। তাঁরা অবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবি জানান।
বক্তারা আরও বলেন, ‘একদিনকে স্বজন হারানোর ব্যথা অন্যদিকে মৃত স্বজনের নামে মিথ্যা মামলার বোঝা কেমন করে মেনে নেবে স্বজনেরা? মালিক পক্ষের এমন আচরণ নিন্দনীয়। এ ব্যাপারে আমরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। সেই সঙ্গে কারখানায় শ্রমিক সুরক্ষা না রাখাসহ বিভিন্ন ব্যাপারে কারখানা কতৃর্পক্ষের শাস্তি দাবি করছি।’
এতে বক্তব্য আরও দেন মিরসরাইয়ের স্থানীয় বাসিন্দা দিদারুল আলম, মেজবাহ উদ্দিন, নুরুল ইসলাম, তাহের আহম্মদ, আবদুল হাশিম চৌধুরী প্রমুখ। কর্মসূচিতে একাত্মতা জানায় মিরসরাই উন্নয়ন পরিষদ, লায়ন্স ক্লাব অব চিটাগং বিভিন্ন সংগঠন।
উল্লেখ্য, গত ৩ জুন গাজীপুরের ওই কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন শ্রমিক নিহত হয়। তাঁদের মধ্যে তিনজন মিরসরাইয়ের বাসিন্দা। এই ঘটনার পর মালিক পক্ষ নিহত শ্রমিকদের বিরুদ্ধে মেয়াদোত্তীর্ণ বয়লার চালু করার অভিযোগে মামলা করেন বলে জানা গেছে।