শ্রমিকদের ক্ষতিপূরণের ন্যূনতম মানদণ্ড করার দাবি
কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের সুনির্দিষ্ট ন্যূনতম মানদণ্ড নির্ধারণ করার আহ্বান জানানো হয়েছে।
আজ বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে যৌথভাবে ‘কর্মক্ষেত্রে দুর্ঘটনায় নিহত ও আহত শ্রমিকের ক্ষতিপূরণ: ন্যূনতম মানদণ্ড’ শীর্ষক ওই মতবিনিময় সভায় বক্তারা এ আহ্বান জানান। বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) ও সেফটি রাইটস সোসাইটি (এসআরএস) এই মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় ন্যূনতম মানদণ্ডবিষয়ক উপস্থাপনায় ব্লাস্টের লিগ্যাল সেলের উপপরিচালক মো. বরকত আলী বর্তমান আইন ও আইএলও কনভেনশন তুলে ধরেন। তিনি সুপারিশ করেন, ক্ষতিপূরণের ন্যূনতম মানদণ্ডের ভিত্তি হতে পারে আইএলও কনভেনশন ১২১, মারাত্মক দুর্ঘটনা আইন ১৮৫৫ এবং উচ্চ আদালতের সিদ্ধান্ত (বাংলাদেশ বেভারেজ ভার্সেস রওশন আক্তার অ্যান্ড আদার্স)। আইন অমান্য করার ফলে দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ দ্বিগুণ করা নিহত শ্রমিকের ক্ষেত্রে অবসর গ্রহণ পর্যন্ত মোট আয়ের সমপরিমাণ, গ্র্যাচুইটি, পোষ্যদের জীবন-জীবিকার জন্য অনুমিত খরচ, পোষ্যদের মধ্যে কমপক্ষে একজনকে যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার সুপারিশ করা হয়। আর দুর্ঘটনায় আহত অস্থায়ী অক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে চিকিৎসা বাবদ অনুমিত খরচ, অক্ষমতার মেয়াদকাল পর্যন্ত মাসিক মজুরি ও আনুষঙ্গিক সুবিধাদি দেওয়া এবং স্থায়ী অক্ষম শ্রমিকদের ক্ষেত্রে অবসর গ্রহণ পর্যন্ত আয়ের পরিমাণ টাকা দেওয়া, অবসরগ্রহণকালে প্রাপ্য গ্র্যাচুইটি, চিকিৎসা বাবদ অনুমিত খরচ, তার ও পোষ্যদের জীবন-জীবিকার জন্য অনুমিত খরচ এবং অক্ষম ব্যক্তির উপযোগী কর্মসংস্থানের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।
মতবিনিময় সভায় ব্লাস্টের বোর্ড অব ট্রাস্টিজের সহসভাপতি বিচারপতি মো. আওলাদ আলী বলেন, অনুদান আর ক্ষতিপূরণ এক বিষয় নয়। ক্ষতিপূরণের বিষয়টি আইনে সুনির্দিষ্ট করে থাকা উচিত। এক শ্রমিক কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হলে জখমের ধরন অনুযায়ী কত টাকা পেতে পারেন, অবহেলার কারণে মারা গেলে কত টাকা পেতে পারেন—এসব বিষয় আইনে থাকা উচিত। তিনি এ বিষয়গুলো আইনে অন্তর্ভুক্তির জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের বলা উচিত। বাংলাদেশ এগিয়ে গেলে তার সঙ্গে সঙ্গে আইনকেও এগিয়ে যেতে হবে।
সুনির্দিষ্ট মানদণ্ড নিরূপণের দাবি জানিয়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, নিহত বা আহত হলে কে ক্ষতিপূরণ পাবে, তা আইনে বলা আছে। কিন্তু ক্ষতিপূরণ আদায়ে অনেক জটিলতা আছে। নিহত শ্রমিকের ক্ষেত্রে এক লাখ টাকার কথা বলা আছে, এ অর্থ এখনকার সময়ে খুবই সামান্য। তিনি প্রস্তাব করেন, একজন শ্রমিক দুর্ঘটনায় মারা গেলে স্বাভাবিকভাবে যত বছর বেঁচে থাকার কথা এবং চাকরি করতে পারার কথা, তত বছরের তাঁর প্রাপ্য এবং গ্র্যাচুইটি আনুপাতিক হারে দিতে হবে। এর সঙ্গে মুদ্রাস্ফীতি যোগ করতে হবে। তিনি বলেন, কে ক্ষতিপূরণ দেবে, এটি নিয়ে এখন একটি অদ্ভুত অবস্থা বিরাজ করছে। ক্ষতিপূরণ দেবে মালিক। কিন্তু রানা প্লাজা ও তাজরীন দুর্ঘটনার পর মালিক কোনো ক্ষতিপূরণ দেয়নি। অনুদান দিয়েছেন বিদেশি ক্রেতারা আর প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে।
টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সভাপতি আবুল হোসাইন বলেন, এখন আইনে এক লাখ টাকার কথা বলা আছে। এটির কোনো দরকার নেই। এই আইন নতুন করে প্রণয়ন করতে আন্দোলনে যেতে হবে। কিন্তু বর্তমান শ্রমিক আন্দোলন সে অবস্থাতে নেই। তাই আদালতের মাধ্যমে এ বিষয়ে নির্দেশনা চাওয়া যায় কি না, সেটি দেখতে হবে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহমেদের সঞ্চালনায় অন্যদের মধ্যে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ, শ্রমিক দলের উপদেষ্টা জাফরুল হাসান, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া, মো. কাউসার প্রমুখ বক্তব্য দেন।