শ্রমিকদের ঘন ঘন ধর্মঘটে অতিষ্ঠ ১০ জেলার মানুষ
পরিবহন শ্রমিকদের কাছে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছেন। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই গত তিন মাসে পাঁচবার বাস ধর্মঘট ডেকেছেন শ্রমিকেরা। সর্বশেষ গত বুধবার খুলনা বিভাগীয় বাসশ্রমিক ফেডারেশন পাঁচ দফা দাবিতে বিভাগের ১০ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়। বাসমালিকেরা এসব দাবি পূরণের আশ্বাস দিলে শ্রমিক ফেডারেশন বৃহস্পতিবার দুপুর থেকে ধর্মঘট প্রত্যাহার করে নেয়। তবে খুলনা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন নামের একটি সংগঠন আলাদাভাবে খুলনা জেলায় ধর্মঘট চালিয়ে যাচ্ছে।বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সভাপতি ভূষণ ঘোষ মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শ্রমিকদের মূল দাবি বেতন-খোরাকি বাড়াতে মালিকেরা আশ্বাস দেওয়ায় ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিকেরা শ্রমিকদের দাবি পূরণে ১০ দিন সময় নিয়েছেন। এ সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবার ধর্মঘট ডাকা হবে বলে তিনি জানান।বাংলাদেশ সড়ক পরিবহন মোটর শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগের সাধারণ সম্পাদক জাকির হোসেন বলেন, ‘যশোরে একটি পক্ষ মালিকদের সঙ্গে বৈঠক করে ধর্মঘট প্রত্যাহার করেছে। কিন্তু আমরা আগে দাবি পূরণ চাই, পরে ধর্মঘট প্রত্যাহার।’ খুলনা বিভাগীয় ট্রাকশ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রব বক্স জানান, খুলনার ২৬টি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। তিনি বলেন, ‘বাসমালিকেরা পাঁচটি দাবির মধ্যে প্রথমটি পূরণ করলে ধর্মঘট প্রত্যাহার করে বাকি চারটি দাবি নিয়ে আপসে বসা হবে।’এ ব্যাপারে খুলনা বিভাগীয় শ্রমিক কল্যাণ ফেডারেশন সমন্বয় পরিষদের আহ্বায়ক সাদেক আহম্মেদ খান বলেন, ‘আমাদের ফেডারেশন ১০ জেলায় ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে। এরপর কোনো সংগঠন বিচ্ছিন্নভাবে ধর্মঘট পালন করলে তার দায়দায়িত্ব ফেডারেশনের নয়।’অনুসন্ধানে জানা গেছে, শ্রমিকদের বারবার ধর্মঘট ডাকার পেছনে তাঁদের নিজস্ব স্বার্থ কাজ করে। গত মে মাসে ছাত্রদের সঙ্গে সংঘর্ষের জের ধরে বাসশ্রমিকেরা তিন দিন বাস চলাচল বন্ধ রাখেন। একই মাসে ঝিনাইদহ ও কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ৩৫ জন যাত্রী আহত হওয়ার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বাসশ্রমিকদের মারধর করেন। এর প্রতিবাদে এ দুই জেলার বাসশ্রমিকেরা দুই দিনের ধর্মঘট পালন করেন। একই কারণে গত জুন মাসেও নড়াইল ও সাতক্ষীরা জেলায় ধর্মঘটের ডাক দেওয়া হয়। মেহেরপুরে র্যাবের হাতে হেরোইনসহ এক বাসশ্রমিক আটক হওয়ার প্রতিবাদে শ্রমিকেরা ওই জেলায় ১৮ জুন থেকে ১৩ দিন ধর্মঘট পালন করেন।খুলনা বিভাগের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) শেখ হেমায়েত হোসেন বলেন, শ্রমিক-মালিক দ্বন্দ্বের কারণে এ ধর্মঘট। মালিকেরা শ্রমিকদের কাছ থেকে সময় চেয়েছেন। ৫ আগস্ট মালিক ও শ্রমিক নেতাদের বৈঠকে শ্রমিকদের দাবি নিয়ে আলোচনা হবে। (এ প্রতিবেদন তৈরিতে যশোর অফিস সহায়তা করেছে)