শহীদ কমরেড তাজুল স্মরণে সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ। গতকাল শুক্রবার বেলা তিনটার দিকে শহরের ২ নম্বর রেলগেট প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শ্রমিকদের জন্য জাতীয় ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছেন। তাঁরা সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের মজুরি বৃদ্ধি এবং শ্রমিক স্বার্থবিরোধী কালো আইন বাতিল করারও দাবি জানান।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক হাফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ, জাতীয় শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফিজুর রহমান, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা সভাপতি আবু নাঈম খান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র নারায়ণগঞ্জ জেলা সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক জুলহাস নাইন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ প্রমুখ।
মন্টু ঘোষ বলেন, বর্তমান সময়ে বাংলাদেশের শ্রমিক আন্দোলনে বিভিন্ন প্রতিকূলতার সুযোগে শাসক ও মালিক শ্রেণি শ্রমিকদের অর্জিত আইনি অধিকার কেড়ে নিচ্ছে। একের পর এক শ্রমিক স্বার্থবিরোধী কালো আইন তৈরি করছে।
১৯৮৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে আদমজী পাটকলে শ্রমিক ধর্মঘট বানচালের উদ্দেশ্যে তৎকালীন ক্ষমতাসীন স্বৈরাচারী এরশাদের গুন্ডাবাহিনী শ্রমিক মিছিলে হামলা করে কমরেড তাজুলকে রক্তাক্ত জখম করে। ১ মার্চ সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।