শ্রমিকদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন বাজেটে রেশন, বাসস্থান, চিকিৎসাসহ শ্রমিকদের সন্তানের ডে-কেয়ার সেন্টারের জন্য বিশেষ বরাদ্দ এবং বাজারদরের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকা করার দাবিতে গতকাল বুধবার নারায়ণগঞ্জে মানববন্ধন হয়েছে।
বিকেলে নগরের মাসদাইর চৌধুরী কমপ্লেক্সের সামনে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার উদ্যোগে এই মানববন্ধন করা হয়। গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট গাবতলী-পুলিশ লাইন শাখার সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।
আবু নাঈম খান বলেন, ১ জুন ২০১৭-১৮ সালের বাজেট আসছে। প্রায় সাড়ে চার লাখ কোটি টাকার বাজেট হবে বলে শোনা যাচ্ছে। এত বিশাল বাজেটে শ্রমিকের জন্য কী থাকবে, তা জানা যায়নি। অতীতের বাজেটগুলোতে শ্রমিকেরা তেমন কিছু পাননি। এবারের বাজেটও কি শুধু দেশের ধনী মানুষের প্রাপ্তির বাজেট হবে? গার্মেন্টস শ্রমিকসহ শ্রমিকদের শ্রমে-ঘামে দেশে সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আসে। এ বিশাল আয়কে কেন্দ্র করে সরকার বড় বড় বাজেট দেয়। বাজেট ঘোষণার পর শ্রমিকেরা দেখতে পান, তাঁদের কোটায় বরাদ্দ শূন্য। বাজেটকে কেন্দ্র করে শ্রমিকদের দাবি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে তাঁদের জন্য রেশনের ব্যবস্থা করা, আবাসন ও বিনা মূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হোক। সন্তানদের নিরাপদে রেখে তাঁরা যেন কাজ করতে পারেন, সে জন্য ডে-কেয়ার সেন্টার করা। আর এর জন্য বাজেটে বিশেষ বরাদ্দ থাকতে হবে।
আবু নাঈম খান আরও বলেন, এ সময়কালে চালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অনেক বেড়েছে। ব্যয় বৃদ্ধির কারণে আগেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দ্বিগুণ করা হয়েছে। এবারের বাজেট বক্তৃতায় শ্রমিকেরা তাঁদের মজুরি বৃদ্ধি করা হবে কি না, তা শুনতে চান। বর্তমান বাজারদর বিবেচনায় একজন শ্রমিকের ন্যূনতম মজুরি ১৫ হাজার টাকার কম হওয়া উচিত নয়।