শ্রমিকদের টাকা ইউপি সদস্যদের পকেটে!
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্যদের বিরুদ্ধে কর্মসংস্থান কর্মসূচির ২২৭ জন শ্রমিকের মজুরির অর্ধলক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে শ্রমিকেরা গত রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১১-১২ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য ৪০ দিনের কর্মসংস্থান কর্মসূচির আওতায় (প্রথম পর্যায়) উপজেলার ১০টি ইউনিয়নের ৩০টি প্রকল্পে এক কোটি ৪৮ লাখ ৪৭ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এ প্রকল্প বাস্তবায়নের জন্য দুই হাজার ১২১ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। প্রতিজন শ্রমিকের দৈনিক মজুরি ১৭৫ টাকা। গোসাইবাড়ী ইউনিয়নের নয়টি ওয়ার্ডে তিনটি প্রকল্প করে রাস্তার মাটি ভরাটের জন্য ২২৭ জন শ্রমিক নিয়োগ দেওয়া হয়। শ্রমিকদের লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ৩০ দিন কাজ করে দুই কিস্তিতে প্রতিজন শ্রমিক তিন হাজার করে টাকা পেয়েছেন। এর মধ্যে তৃতীয় কিস্তির এক হাজার ৭৫০ টাকা বৃহস্পতিবার সকালে গোসাইবাড়ী রূপালী ব্যাংক শাখা থেকে তোলেন। টাকা তোলার পর ৮ নম্বর ওয়ার্ডের ২৭ জন শ্রমিকের কাছ থেকে ইউপি সদস্য রফিকুল ইসলাম ৭৫০ টাকা করে মোট ২০ হাজার ২৫০ টাকা নানা প্রলোভন দেখিয়ে নিয়ে যান। এ ছাড়া অন্যান্য ওয়ার্ডের ২০০ শ্রমিকের কাছ থেকে ইউপি সদস্যরা ১৭৫ টাকা করে মোট ৩৫ হাজার টাকা প্রলোভন দেখিয়ে নিয়ে যান।গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুস ছালাম বলেন, ‘শ্রমিকদের কাজের তদারক করতে গিয়ে আমাদের কিছু টাকা খরচ হয়েছে। এ কারণে আমরা প্রত্যেক শ্রমিকের কাছ থেকে ১৭৫ টাকা করে নিয়েছি।’ গোসাইবাড়ী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য রফিকুল ইসলাম বলেন, ‘আমি ঘটনার দিন গোসাইবাড়ী বাজারে উপস্থিত ছিলাম না। তাই শ্রমিকদের টাকা নেওয়ার প্রশ্নই ওঠে না। আমার বিরুদ্ধে মিথ্য অভিযোগ দেওয়া হয়েছে।’ইউপির চেয়াম্যান রাশেদুজ্জামান বলেন, ‘ইউপি সদস্যদের কাছ থেকে আজ-কালের মধ্যে শ্রমিকদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেব।’ প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি বলেন, ‘ইউপি সদস্যদের বিরুদ্ধে কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছি। আজকের মধ্যে টাকা ফেরত না দিলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’