অসিম কুমার সিকদার যশোরের অভয়নগর উপজেলার পল্লি দারিদ্র্য বিমোচন কর্মকর্তা। তিনি উপজেলার চলিশিয়া ইউনিয়নের অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির ১২টি প্রকল্পের সভাপতি। কিন্তু তিনি একজন অতি-দরিদ্র মানুষ! প্রতিদিন তিনি তিনজন অতি-দরিদ্রের হাজিরার টাকা নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।অসিম কুমার সিকদারের মতো উপজেলার আটটি ইউনিয়নের প্রকল্পের আটজন কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য এবং উপজেলা ও ইউনিয়ন কমিটির কয়েকজন সদস্যও অতি-দরিদ্র! তাঁরা প্রতি কর্মদিবসে এক থেকে তিনটি করে হাজিরার টাকা নিচ্ছেন। শুধু তাই নয়, তাঁরা মাস্টাররোলে অনুপস্থিত দরিদ্র শ্রমিকদের হাজিরা দেখিয়ে টাকা উত্তোলন করে ভাগবাটোয়ারা করে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অভয়নগর উপজেলায় এই কর্মসূচির আওতায় ৪০ দিনের কাজ শুরু হয় ৮ মার্চ। ১২৪টি প্রকল্পের বিপরীতে পাঁচ হাজার ৫৭১ জন দরিদ্র মানুষকে নিয়োগ দেওয়া হয়। এ কর্মসূচিতে বরাদ্দ দেওয়া হয়েছে দুই কোটি ৬৭ লাখ ৪০ হাজার ৮০০ টাকা। প্রতি কর্মদিবসে একজন দরিদ্র মানুষ ১২০ টাকা হারে মজুরি পাবেন।জানা গেছে, উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের প্রকল্প কমিটির সভাপতি করা হয়েছে। নয় সদস্যের ইউনিয়ন কমিটিতে চেয়ারম্যানকে সদস্যসচিব এবং একজন সদস্যকে কমিটির সদস্য রাখা হয়েছে। গতকাল সোমবার ছিল এ কর্মসূচির ৩৭তম দিন।বাঘুটিয়া ইউনিয়নের ভাটপাড়ায় একটি প্রকল্পে গতকাল সোমবার গিয়ে দেখা যায়, ৭৬ জনের জায়গায় ৫৬ জন কাজ করছেন।ভাটপাড়া গ্রামের শ্রমিক আবুল কালাম (৩৬) বলেন, ‘আমি পায়ের যন্ত্রণা নিয়ে ১০ দিন বিছানায় শুয়ে আছি। শুনেছি আমাকে হাজির দেখিয়ে টাকা উঠিয়ে কর্মকর্তা ও কমিটির সদস্যরা ভাগ করে নিচ্ছেন।’ভাটপাড়া প্রকল্পের সদস্য আতিয়ার রহমান বলেন, ‘হাজিরা সঠিক আছে। আমার লোক সব সময় বেশি থাকে। আমি শ্রমিকের কোনো টাকা-পয়সা নিই না। শ্রমিকের টাকা শ্রমিকেরাই নিয়ে যায়।’চলিশিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য ফরিদা বেগম বলেন, ‘আমি প্রতিদিন প্রকল্পে গিয়ে কাজ তদারকি করি। এ জন্য আমাকে প্রতিদিন একজন শ্রমিকের হাজিরার টাকা দেওয়া হয়।’চলিশিয়া ইউনিয়নের প্রকল্প কমিটির সভাপতি উপজেলা পল্লি দারিদ্র্য বিমোচনের কর্মকর্তা বলেন, ‘দরিদ্র শ্রমিকদের টাকা নেওয়ার অভিযোগটি ঠিক নয়। তবে ইউনিয়ন পরিষদের যে সদস্যরা সরেজমিনে প্রকল্পের কাজ তদারকি করছেন, তাঁদের প্রতিদিন একটি করে হাজিরার টাকা দেওয়া হচ্ছে।’বাঘুটিয়া ইউনিয়নের প্রকল্পের সভাপতি উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা নাজমুল আনোয়ার জানান, টাকা ভাগাভাগি করে নেওয়ার অভিযোগ সত্য নয়।চলিশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. রবিউল ইসলাম বলেন, ‘উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় প্রতিটি প্রকল্পের সভাপতিকে প্রতিদিন তিনটি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তিনটি এবং সদস্যদের একটি করে হাজিরার টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সে অনুযায়ী সবাই হাজিরার টাকা পাচ্ছেন, আমিও পাচ্ছি।’পিআইও মো. আলী আকবর জানান, নীতিমালা অনুযায়ী এ কর্মসূচিতে প্রকল্পের সভাপতি, ইউপি চেয়ারম্যান ও সদস্যদের অতি-দরিদ্রদের হাজিরার টাকা নেওয়ার কোনো সুযোগ নেই।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতি-দরিদ্রদের জন্য কর্মসংস্থান কমিটির সভাপতি মো. জাহিদ হোসেন বলেন, ইউনিয়ন পরিষদের যেসব সদস্য প্রকল্পের কাজ দেখভাল করবেন তাঁদের জন্য পারিশ্রমিক হিসেবে প্রতিদিন একটি করে হাজিরার টাকা দেওয়ার সিদ্ধান্ত আছে। প্রকল্পের কর্মকর্তাদের জ্বালানি বাবদ টাকা বরাদ্দ আছে। এর বাইরে দরিদ্রদের হাজিরার টাকা নিয়ে থাকেন, তবে তা হবে অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এর দায়দায়িত্ব তাঁকেই নিতে হবে।