শ্রমিকদের দাবি নিয়ে রাজনীতি হচ্ছে: স্কপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাকশ্রমিকদের দাবি নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারা। একই সঙ্গে তাঁরা বলেছেন, মালিকপক্ষের ৬০০ টাকার প্রস্তাব শ্রমিকদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। এ জন্যই শ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে এসেছেন।

রাজধানীর তোপখানা রোডের স্কপের কার্যালয়ে আজ রোববার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্কপের নেতারা। এ সময় তাঁরা পোশাকশিল্পের অস্থিরতা নিরসন করতে অক্টোবরের মধ্যে ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানান।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুকুর মাহমুদ। তিনি বলেন, ‘নারী শ্রমিকদের নিয়ে হেফাজতে ইসলামের বক্তব্য আমরা সমর্থন করি না। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। একই সঙ্গে সরকারের একজন মন্ত্রীর হঠাত্ করে শ্রমিক সমাবেশ করে মজুরি বৃদ্ধির দাবি জানানোর বিষয়টিকেও আমরা সমর্থন করি না। আবার মালিকপক্ষ মাত্র ৬০০ টাকা বৃদ্ধির প্রস্তাব দিল।’

শুকুর মাহমুদ আরও বলেন, পরিস্থিতি এমন হয় যে মালিক-শ্রমিক ও সরকার এখন মুখোমুখি অবস্থানে চলে যান। তার পরপরই অস্থিরতার সূত্র ধরে শ্রমিকদের ওপর পুলিশি নির্যাতন শুরু হয়। কিন্তু জুলুম-অত্যাচার করে শ্রমিকদের আন্দোলন দাবিয়ে রাখা যাবে না; বরং অবিলম্বে ন্যূনতম মজুরি আট হাজার টাকা বাস্তবায়ন করলেই শিল্পটিতে শান্তি ফিরে আসবে।

মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষ হলেই বিজিএমইএ কেন ষড়যন্ত্রের কথা বলে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, বিজিএমইএ গত ২০ বছরেও এই ষড়যন্ত্রের কারণ উদঘাটন করতে পারেনি। আসলে শ্রমিকদের দাবি ভিন্ন খাতে নিয়ে নিজেদের স্বার্থ হাসিল করতেই তারা এই কৌশল নিয়েছে।

মজুরি বাড়ালে কারখানা বন্ধ হয়ে যাবে না মন্তব্য করে রাজেকুজ্জামান আরও বলেন, গত কয়েক বছরে কারখানার সংখ্যা কমলেও শ্রমিক নিয়োগের সংখ্যা বেড়েছে। একসময় ৬০০ শ্রমিক নিয়ে শুরু হওয়া সিনহা গার্মেন্টসে এখন কাজ করেন ৬৪ হাজার শ্রমিক। আসলে বড় পুঁজির কারখানাগুলোই ছোট পুঁজির কারখানাগুলোকে গিলে খায়।

পোশাকশিল্পের ৭০ শতাংশ কারখানারই ৬০০ টাকার বেশি মজুরি বৃদ্ধির সক্ষমতা নেই—বিজিএমইএর এমন দাবির প্রসঙ্গে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা ও অযৌক্তিক কথা। এসব কারখানা কমপ্লায়েন্স মানে না, কিন্তু বড় ক্রেতাদের কাজ ঠিকই সাব কন্ট্রাক্টে করছে। তিনি বলেন, শ্রমিকদের শ্রমের বিনিময়ে এই মালিকেরাও বিদেশে বাড়ি কিনছেন। বিলাসবহুল গাড়িতে চড়ছেন। কিন্তু তাঁরা শ্রমিকের অবদান স্বীকার করতে চান না। এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কপের চেয়ারম্যান শফিউদ্দিন আহমেদ, বাংলাদেশ মুক্ত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মজিবর রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান প্রমুখ।