শ্রমিকদের দাবি মেনে নিয়েছে মেরিডিয়ান কর্তৃপক্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়কের ওপর বসে আছেন শ্রমিকেরা। ছবিটি সনি সিনেমা হলের সামনে থেকে দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম
সড়কের ওপর বসে আছেন শ্রমিকেরা। ছবিটি সনি সিনেমা হলের সামনে থেকে দুপুরে তোলা। ছবি: সাইফুল ইসলাম

কারখানা খুলে দেওয়াসহ আন্দোলনরত শ্রমিকদের সব দাবি মেনে নিয়েছে মেরিডিয়ান ফ্যাশনস লিমিটেডের কর্তৃপক্ষ। আগামীকাল মঙ্গলবার পোশাক কারখানাটি খুলে দেওয়া হবে।

রাজধানীর কারওয়ান বাজারে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ কার্যালয়ে আজ সোমবার সন্ধ্যা ছয়টা শুরু হওয়া ত্রিপক্ষীয় বৈঠক আন্দোলনরত শ্রমিকদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দেয় মালিকপক্ষ। এতে শ্রমিক ও মালিকপক্ষ এবং বিজিএমইএর প্রতিনিধিরা ছিলেন। বৈঠকের সিদ্ধান্ত হয়, তিন দিনের নোটিশ প্রত্যাহার করে কাল মঙ্গলবার পোশাক কারখানাটি খুলে দেওয়া হবে।

বৈঠক শেষে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান সোমবার রাত সাড়ে নয়টায় প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের দাবি অনুযায়ী তাঁদের সঙ্গে কর্মকর্তাদের দুর্ব্যবহার বন্ধ ও মাতৃত্বকালীন ছুটি দেওয়া বিষয়টি মেনে নিয়েছে মালিকপক্ষ। যদিও মালিকপক্ষ শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছিল।’ তিনি আরও বলেন, ছাঁটাই করা শ্রমিকদের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে, ভুক্তভোগী শ্রমিকেরা যদি ছাঁটাইয়ের বিরুদ্ধে তিন দিনের মধ্যে লিখিত অভিযোগ করেন, তাহলে মালিকপক্ষ ও বিজিএমইএ বসে নিষ্পত্তি করে দেবে। কাল কারখানা খুলে দেবে মালিকপক্ষ।’

এর আগে মেরিডিয়ান গার্মেন্টসের নয়জন শ্রমিককে কয়েক দিন আগে কর্তৃপক্ষ ছাঁটাই করে। সোমবার সকালে শ্রমিকেরা গিয়ে দেখতে পান, তাঁদের কারখানাটি ৯ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। মিরপুর থেকে কারাখানাটি অন্য জায়গায় স্থানান্তর করা হচ্ছে বলেও শ্রমিকদের মধ্যে গুজব ছড়ায়। কারখানার শ্রমিকদের বেতন প্রতি মাসে ১২ তারিখে দেওয়া হতো। এসব কারণে বিক্ষুব্ধ শ্রমিকেরা মিরপুর ১ নম্বরের কিয়াংসি চায়নিজ রেস্টুরেন্টের সামনের বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। তাঁরা আশপাশের অন্যান্য পোশাক কারখানার শ্রমিকদের সঙ্গে কয়েকটি পোশাক কারখানার সামনে ভাঙচুর করেন। একপর্যায়ে তাঁরা মিরপুর ১ নম্বরে চিড়িয়াখানা সড়ক অবরোধ করেন।