শ্রমিকদের দাবি ৮১১৪ টাকা মালিকেরা দিতে চান ৪৫০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের নিম্নতম মজুরি ৫০ শতাংশ বা দেড় হাজার টাকার বেশি বাড়ানো সম্ভব নয় বলে মত দিয়েছেন তৈরি পোশাক কারখানার মালিকেরা। এতে শ্রমিকদের নিম্নতম মজুরি দাঁড়াবে চার হাজার ৫০০ টাকা। মজুরি বোর্ডের সভায় শ্রমিক প্রতিনিধিরা নিম্নতম মজুরি আট হাজার ১১৪ টাকা দাবি করেছেন।

বিজিএমইএর সভাকক্ষে গতকাল শনিবার দুপুরে নিম্নতম মজুরি নিয়ে সমিতির সাবেক ও বর্তমান নেতারা বৈঠক করেন। বৈঠকে মালিকেরা বলেন, একসঙ্গে এত মজুরি বাড়ানো সম্ভব নয়। এতে অনেকের ব্যবসাই বন্ধ হয়ে যেতে পারে।

সরকার গত ১২ মে পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের জন্য বোর্ড গঠনের ঘোষণা দেয়। ঢাকার বিশেষ জজ এ কে রায়কে চেয়ারম্যান করে ছয় সদস্যের বোর্ড গঠন করে গেজেট প্রকাশিত হয় ২৪ জুন। বোর্ডকে ছয় মাসের মধ্যে ন্যূনতম বেতনকাঠামো চূড়ান্ত করতে বলা হয়েছে। এখন পর্যন্ত তিনটি সভা করেছে বোর্ড।

 বিজিএমইএর গতকালের বৈঠকে উপস্থিত সূত্র জানায়, সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত মজুরি বাড়ানোর পক্ষে মত দেন অধিকাংশ মালিক। মালিকপক্ষের প্রস্তাব চূড়ান্ত করে আগামী ২ সেপ্টেম্বর মজুরি বোর্ডের পরবর্তী সভায় উপস্থাপন করবে সমিতি।

তবে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম ৫০ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্তের বিষয়টি অস্বীকার করেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘আমরা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। আরও বৈঠক করতে হবে। তারপর আমরা প্রস্তাব দেব।’

নাম প্রকাশে অনিচ্ছুক বিজিএমইএর একজন সহসভাপতি ৫০ শতাংশ মজুরি বাড়ানোর বিষয়ে মালিকদের সম্মতি আছে বলে প্রথম আলোকে জানিয়েছেন।

জানতে চাইলে গার্মেন্ট শ্রমিক ঐক্য ফেডারেশনের সভাপতি মোশরেফা মিশু বলেন, ‘২০১০ সালে যখন সর্বনিম্ন মজুরি তিন হাজার টাকা করা হয়, তখনই পাঁচ হাজার টাকা নির্ধারণ করা দরকার ছিল। গত তিন বছরে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়েছে।’

মজুরি কমিশনের তৃতীয় সভায় বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ন্যূনতম মজুরিকাঠামোর একটি লিখিত প্রস্তাব দেন। ৪১টি শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করে শ্রমিকপক্ষের এই প্রস্তাবটি চূড়ান্ত করা হয়েছিল।

শ্রমিকদের প্রস্তাবে যা আছে: পোশাক কারখানা শ্রমিকদের জন্য সাতটি গ্রেড ও কর্মচারীদের জন্য চারটি গ্রেড প্রস্তাব করা হয়েছে। উভয় ক্ষেত্রেই সর্বনিম্ন মজুরি ধরা হয়েছে আট হাজার ১১৪ টাকা। এর মধ্যে মাসিক মূল মজুরি ধরা হয়েছে পাঁচ হাজার ৯৩৪, বাসাভাড়া এক হাজার ৭৮০ (মূল মজুরির ৩০ শতাংশ) ও মাসিক চিকিৎসা ভাতা ৪০০ টাকা। এ ছাড়া যাতায়াত, হাজিরা ও খাদ্য ভাতা নিম্নতম মজুরির অতিরিক্ত হিসেবে প্রদান করতে হবে।

বোর্ডের শ্রমিক প্রতিনিধি সিরাজুল ইসলাম বলেন, বাস্তবতা চিন্তা করেই প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি বলেন, কয়েক মাস ধরে পোশাকশিল্পে যত অসন্তোষ হচ্ছে তার সবই প্রায় বেতন বৃদ্ধির জন্য। মালিকপক্ষকে অবশ্যই কম বেতন দেওয়ার মানসিকতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় শিল্প টিকবে না, শ্রমিকের জীবনমান উন্নত হবে না। কমপ্লায়েন্সের শর্তও পূরণ হবে না।

বিজিএমইএ যদি শেষ পর্যন্ত ৫০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করে তবে শ্রমিকদের স্বার্থ কীভাবে সংরক্ষিত হবে—এমন প্রশ্নের জবাবে সিরাজুল ইসলাম বলেন, ‘মালিকদের প্রস্তাব দেওয়ার পর বোর্ডের সভায় দর-কষাকষি শুরু হবে। আমাদের প্রস্তাবের পক্ষে সব ধরনের যুক্তিই তৈরি আছে।’

পোশাকশ্রমিকদের জন্য প্রথম মজুরি বোর্ড গঠন করা হয় ১৯৯৪ সালে। তখন সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয় ৯৩০ টাকা। এক যুগ পরে ২০০৬ সালে দ্বিতীয় মজুরি বোর্ড নিম্নতম মজুরি নির্ধারণ করে এক হাজার ৬৬২ টাকা ৫০ পয়সা। সর্বশেষ ২০১০ সালে গঠিত বোর্ড সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে তিন হাজার টাকা।