শ্রমিকদের দিয়ে গাছ কাটিয়ে জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দিয়ে ১৬৫টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে বিদ্যালয়ের বন্দোবস্ত নেওয়া জমি দখল করানো হয়েছে। গুঁড়িয়ে দেওয়া হয়েছে চারটি পানের বরজ। ধরে নেওয়া হয়েছে পুকুরের মাছ। গত রোববার ১৩৭ জন শ্রমিক দিয়ে কাজটি করিয়েছে যশোরের অভয়নগর উপজেলার এস আর শুভরাড়া-রানাগাতী মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ।সরকারি জমির গাছ কাটার অভিযোগে শুভরাড়া ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম ওই দিন ছয় শ্রমিককে আসামি করে অভয়নগর থানায় মামলা করেছেন। তিনি বলেন, ওই সম্পত্তি বিদ্যালয় কর্তৃপক্ষ বন্দোবস্ত নিয়েছে। তবে পুকুরটি বন্দোবস্তের বাইরে। বিদ্যালয় কর্তৃপক্ষের কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।সংশ্লিষ্ট সূত্র জানায়, ১৯৯৬ সালে প্রতিবছর নবায়নের ভিত্তিতে বিদ্যালয় সংলগ্ন দুই একর ৪৫ শতক অর্পিত সম্পত্তি বন্দোবস্ত নেয় বিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু ওই সম্পত্তি ভোগদখল করে আসছিলেন আগের ইজারাদার প্রয়াত শরিয়াতুল্লাহ আকুঞ্জির ছেলেরা। সম্প্রতি সরকারের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় বিদ্যালয়ের মাঠে মাটি ভরাটের প্রকল্প নেওয়া হয়। শুভরাড়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের ১৩৭ জন শ্রমিক পুকুর থেকে মাটি কেটে মাঠ ভরাটের কাজ শুরু করেন। ইউনিয়ন পরিষদের সদস্য নার্গিস বেগম বলেন, প্রকল্পে শুধু মাঠে মাটি ভরাট করার কথা।সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ের মাঠে কয়েকটি গাছের গুঁড়ি, ডালপালা ও কিছু বাঁশ পড়ে আছে। বিদ্যালয়ের পাশের ওই জমিতে গুঁড়িয়ে দেওয়া চারটি পানের বরজের একটির অবশিষ্টাংশ দাঁড়িয়ে আছে। পাশে অক্ষত রয়েছে ছোট্ট একটি থাকার ঘর। গৃহবধূ বেবী বেগম (৩৭) বলেন, ‘ওই ঘরখানা শুধু আছে। গাছপালা সব কেটে নিয়ে গেছে।’ আছিয়া বেগম (৭৫) বলেন, ওরা শুধু গাছ কেটে, বরজ ভেঙে ক্ষান্ত হয়নি, পুকুরের প্রায় ১০০ মণ মাছ ধরে নিয়ে গেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বলেন, অবৈধ দখলদারেরা দুর্ধর্ষ হওয়ায় এত দিন জমিটি দখলে নেওয়া যায়নি। তিনি বলেন, ‘নিয়ম আনুযায়ী ওই জমির গাছ কাটা যায় না। ওই দিন আমি ঢাকাতে ছিলাম। ট্যাগ অফিসার শ্রমিকদের কীভাবে কাজে লাগিয়েছেন তা আমি বলতে পারব না।’বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মোস্তফা নবী বলেন, শ্রমিকেরা মাঠে মাটি ভরাটের কাজ করতে গেলে দখলদারেরা বাধা দেয়। এ কারণে উত্তেজিত শ্রমিকেরা গাছ কেটেছে এবং পানের বরজ ভেঙেছে। কাজটি করা ঠিক হয়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশ্বাস রাসেল হোসেন বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির শ্রমিকদের দিয়ে এ ধরনের কাজ করার কোনো সুযোগ নেই। এ ব্যাপারে মামলা করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।