ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে ২০১২-১৩ অর্থবছরের অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির একটি প্রকল্পের শ্রমিকদের দিয়ে একটি মেলার জন্য মাঠ ভরাট করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে ওই প্রকল্পের আটজন নারী শ্রমিক গত রোববার থেকে মাটি ভরাটের কাজ করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গোবিন্দপুর গ্রামের কুমার নদের পাড়ে পল্লীকবির বাড়িসংলগ্ন মাঠে প্রতিবছরই আয়োজন করা হয় জসীম পল্লী মেলা। বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (বিসিক) ও ফরিদপুর জসীম ফাউন্ডেশনের উদ্যোগে ১৯৯১ সাল থেকে প্রতিবছর জানুয়ারি মাসে ওই মাঠে পক্ষকালব্যাপী এই মেলার আয়োজন করা হয়। এ বছর আগামী ১২ জানুয়ারি থেকে মেলাটি শুরু হওয়ার কথা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অম্বিকাপুর ইউনিয়নের ‘শোভারামপুর রেলগেট নতুন বাজার হতে লাল মিয়ার বাড়ি পর্যন্ত সড়কের মাটির কাজ’ প্রকল্পে নারী ও পুরুষ মিলিয়ে ৭৭ জন শ্রমিক কাজ করছেন। ৪০ দিন কাজের বিনিময়ে প্রতিদিন ১৭৫ টাকা হারে প্রত্যেক শ্রমিকের সাত হাজার করে টাকা পাওয়ার কথা। ওই শ্রমিকের মধ্যে থেকে আটজন নারী শ্রমিককে দিয়ে মেলার মাঠের মাটি ভরাটের কাজ করানো হচ্ছে।ওই আট নারী শ্রমিকের সরদার হামিদা আক্তার বলেন, ‘আমরা শনিবার পর্যন্ত শোভারামপুর রেলগেটের নতুন বাজার সড়কে মাটি ভরাটের কাজ করতাম। কিন্তু গত রোববার থেকে ইউএনওর নির্দেশে মেলার মাঠে কাজ শুরু করি।’ প্রকল্প কর্মকর্তা অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. সেলিম জানান, প্রকল্পে ৪০ দিনের মধ্যে ১৯ দিন ধরে কাজ চলছে। এর মধ্যে পাঁচ দিন ধরে আটজন শ্রমিক দিয়ে মেলার মাঠের মাটি ভরাটের কাজ করানো হচ্ছে। এতে মূল প্রকল্পের কাজের সমস্যা হচ্ছে।ইউএনও কে এম কামরুজ্জামান জানান, বর্ষায় মেলার মাঠে পানি উঠে যাওয়ায় মাঠ ক্ষতিগ্রস্ত হয়। প্রতিবছর মেলা শুরুর আগে এভাবেই মাটির কাজ করিয়ে নিতে হয়। এ জন্য প্রকল্পের মূল কাজ ক্ষতিগ্রস্ত হবে না দাবি করে তিনি জানান, মেলার মাঠে মাত্র সাত-আট দিন ওই আটজন শ্রমিককে কাজ করতে হবে। এরপর তাঁরা আবার মূল প্রকল্পের নির্ধারিত কাজে ফিরে যাবেন।