শ্রমিকদের ধর্মঘট শেষ, মালিকদের শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেহেরপুরে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকেরা। কিন্তু শ্রমিকদের প্রতি ক্ষুব্ধ হয়ে নতুন করে বাস ধর্মঘট শুরু করেছেন মালিকেরা। ফলে, গত ১৩ দিনেও মেহেরপুরে বাস চলাচল শুরু হয়নি।এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। গতকাল বৃহস্পতিবার জেলা বাস মালিক সমিতি কার্যালয়ে বাসমালিক ও শ্রমিকনেতাদের মধ্যে আপস-মীমাংসা হওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকনেতারা সভায় উপস্থিত না হওয়ায় বাস চলাচলের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে।জেলা বাস মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম বলেন, গাড়ির মালিকেরা শ্রমিক খাটায়, আর কোনো কারণ ছাড়াই কথায় কথায় শ্রমিকেরা বাস ধর্মঘট ডাকবেন, এটা মালিকেরা সহ্য করবেন না। তাই শ্রমিকেরা বাস ধর্মঘট তুলে নিলেও এবার মালিকেরা শ্রমিকদের প্রতি ক্ষুব্ধ হয়ে বাস ধর্মঘট শুরু করেছেন।জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গোলাম রসুল জানান, ভবিষ্যতে মালিকদের অনুমতি ছাড়া শ্রমিকেরা কোনো ধর্মঘটে যাবেন না—এমন মুচলেকা শ্রমিকদের দিতে হবে। অন্যথায় স্থানীয় শ্রমিকদের হাতে মালিকেরা বাসের চাবি তুলে দেবেন না। প্রয়োজনে অনির্দিষ্টকালের জন্য মালিকেরা বাস চলাচল বন্ধ রাখবেন।কুষ্টিয়া র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা গত ৯ জুন এক কেজি হেরোইনসহ একটি বাস থেকে তত্ত্বাবধায়ক সিরাজুলকে আটক করে কারাগারে পাঠালে ১৮ জুন থেকে শ্রমিকেরা ধর্মঘটের ডাক দেন। ২৯ জুন খুলনা বিভাগীয় কমিশনার মশিউর রহমান ও খুলনা পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) হেমায়েত উদ্দিনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে শ্রমিকেরা ২০ দিনের জন্য বাস ধর্মঘট প্রত্যাহার করে নেন।জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান হাবিব জানান, এত দিন মালিকদের স্বার্থে তাঁরা নছিমন, করিমন বন্ধের দাবিতে বাস ধর্মঘট করেছেন। এই প্রথম তাঁরা শ্রমিকদের স্বার্থে বাস ধর্মঘট করলেন। শ্রমিকেরা ধর্মঘট তুলে নিয়েছেন, কিন্তু মালিকেরা ধর্মঘট শুরু করেছেন।