শ্রমিকদের ধর্মঘটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসশ্রমিকেরা হঠাৎ ধর্মঘটে যাওয়ায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব সড়কে সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল গতকাল মঙ্গলবার সকাল থেকে বন্ধ রয়েছে। এতে হাজার হাজার যাত্রী অবর্ণনীয় দুর্ভোগে পড়েন। কিশোরগঞ্জ-ময়মনসিংহ পরিবহন মালিক সমিতি ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায় যাত্রীবাহী বাস থেকে ব্যাপক চাঁদা আদায়ের ঘটনার জের ধরে ময়মনসিংহ ও কিশোরগঞ্জ মোটরযান মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এ ধর্মঘটের ডাক দেয়। কিশোরগঞ্জ বাস মালিক সমিতির নির্বাহী কমিটির সদস্য আ. মালেক চৌধুরী জানান, বিগত ঈদের সময় শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহাবউদ্দিনকে হটিয়ে দিয়ে চৌরাস্তা এলাকার দখল নেন শ্রমিক লীগের নান্দাইল উপজেলার আহ্বায়ক আসাদুজ্জামান সমর্থক ছাত্রলীগ ও শ্রমিক লীগের কর্মীরা। তাঁরা মাথায় লাল কাপড় বেঁধে হাতে লাঠি নিয়ে প্রতিটি বাস থেকে ১০০ থেকে ৬০০ টাকা করে চাঁদা আদায় করছেন। চাঁদা দিতে অস্বীকার করায় অনেক বাসচালক ও যাত্রীরা লাল কাপড় পরা ব্যক্তিদের হাতে নাজেহাল হন। স্থানীয় প্রশাসন এ সময় নীরব ভূমিকা পালন করে। সেই ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে শ্রমিকদের মধ্যে অসন্তোষ বিরাজ করছিল। অবৈধ চাঁদা আদায় বন্ধ করতে গতকাল ভোর থেকে শ্রমিকেরা হঠাৎ করে ধর্মঘটে যান। স্থানীয় একাধিক সূত্র জানায়, আসাদুজ্জামান বিগত সরকারের আমলে বিতর্কিত ভূমিকায় ছিলেন। আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট ক্ষমতায় এলে তিনি আওয়ামী লীগের নেতা সেজে চৌরাস্তায় প্রকাশ্যে চাঁদাবাজি করছেন।ময়মনসিংহ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুস সালাম বলেন, ‘নান্দাইলে বাসমালিক ও শ্রমিকেরা আসাদুজ্জামান ও তাঁর লোকজনের হাতে জিম্মি হয়ে পড়েছেন। তাঁর চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ধর্মঘটের ডাক দিতে বাধ্য হয়েছি।’কিশোরগঞ্জ পরিবহন মালিক সমিতির সভাপতি শাহজাহান লসকর বলেন, ব্যাপক চাঁদাবাজির মুখে ধর্মঘটের বিকল্প নেই। বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করে যারা বাসচালক ও মালিকদের জিম্মি করেছে; তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত শ্রমিকেরা ধর্মঘট চালিযে যাবে। আসাদুজ্জামান তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চৌরাস্তায় কোনো চাঁদাবাজি হয় না। বরং যারা অভিযোগ করেছে, তারাই চাঁদাবাজি করে।’নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া পারভীন বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের দুর্ভোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।