ফুলপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি
শ্রমিকদের নামে টাকা তুলে নিচ্ছেন আ.লীগ নেতারা!
ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (প্রথম পর্যায়) আওতায় ৭৫টি প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ছয় কোটি সাড়ে ৪৩ লাখ টাকার এই প্রকল্পে ‘ভুয়া’ শ্রমিক দেখিয়ে তাঁদের নামে বিপুল টাকা তুলে নিচ্ছেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এ কর্মসূচির আওতায় উপজেলার ২০টি ইউনিয়নে ৭৫টি প্রকল্পে রাস্তা সংস্কারের কাজ চলছে। এতে তালিকাভুক্ত শ্রমিকের সংখ্যা নয় হাজার ১৯৩ জন। প্রত্যেক শ্রমিকের নামে কার্ড রয়েছে। প্রত্যেক শ্রমিক প্রতিদিন মজুরি পান ১৭৫ টাকা। গত ৮ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে কাজ শুরু হয়েছে। চলবে ৪০ দিন। সম্প্রতি ঢাকুয়া ইউনিয়নের বারইপাড়া বাজার থেকে চংনাপাড়া পর্যন্ত প্রকল্পে ১৩৬ জনের মধ্যে মাত্র ৩০ জন শ্রমিককে রাস্তায় মাটি ফেলতে দেখা যায়। ঢাকুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও প্রকল্পের সভাপতি আবদুল গনি প্রথম আলোকে বলেন, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের কয়েকজন প্রভাবশালী নেতা ভুয়া শ্রমিকদের নামে কার্ড করিয়েছেন। এ শ্রমিকদের নামে প্রতি সপ্তাহে ব্যাংক থেকে টাকা তুলে নেন নেতারা।সালাম ও মতিনসহ কয়েকজন শ্রমিক বলেন, আমরা প্রতিদিনই এ রাস্তায় ৩০ জন কাজ করছি। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না। প্রকল্প কমিটির তদারকি কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আইয়ুব আলী বলেন, ‘আওয়ামী লীগের নেতারা ও অন্যরা যেভাবে কাজ চালাচ্ছেন, সেভাবেই চলছে। অনিয়মের অভিযোগ তো শুনছি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা শুধু সইয়ের মালিক।’ ঢাকুয়া ইউপি চেয়ারম্যান ও প্রকল্প কমিটির সভাপতি আবদুল হামিদ তালুকদার বলেন, ‘ইউপি সদস্যদের তালিকাভুক্ত শ্রমিকেরা মাঠে কাজ করছেন। আওয়ামী লীগের নেতাদের তালিকার শ্রমিকেরা আছেন কাগজে, মাঠে নেই।’ কাজে অনুপস্থিত শ্রমিকদের মজুরি কীভাবে তোলা হয় জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকের কর্মকর্তাদের যোগসাজশে টাকা তোলা হচ্ছে। তারাকান্দা ইউনিয়নে তারাকান্দা পুরাতন সাব-রেজিস্ট্রি অফিস থেকে রহিম উদ্দিনের বাড়ি পর্যন্ত প্রকল্প এলাকায় গিয়ে ১৮০ জনের মধ্যে মাত্র ৬০ জন শ্রমিককে পাওয়া যায়। শ্রমিক কম থাকার বিষয়ে ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার বলেন, দলীয়ভাবে নিয়োগ দেওয়া শ্রমিকেরা মাঠে আসেন না। কিন্তু তাঁদের মজুরির টাকা নেতারা তুলে নেন। একই দিন কাকনী ইউনিয়নের বাঁশতলা খালপাড় হয়ে কাকনী-পুঙ্গাই খালপাড় পর্যন্ত প্রকল্পে গিয়ে দেখা যায়, ১৮৯ জনের মধ্যে ৫০ জন শ্রমিক কাজ করছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আবদুল কুদ্দুছ সরকার বলেন, আওয়ামী লীগের লোকজনের কোটায় যে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা প্রকল্পে এসে কাজ করেন না। শ্রমিকদের নামে দলীয় নেতা-কর্মীদের টাকা তুলে নেওয়ার অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্ কুতুব চৌধুরী বলেন, ‘দলীয় লোকজনের নিয়োগ দেওয়া শ্রমিকেরা কাজে যোগ দেন না, তাহলে ইউপি চেয়ারম্যানদের নিয়োগ দেওয়া শ্রমিকেরা কী কাজ করেন?’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘এসব অনিয়মের কথা আমার সঙ্গে বলা আর কলাগাছের সঙ্গে বলা একই কথা।’