শ্রমিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার অঙ্গীকার
তাজরীন ফ্যাশনস ও রানা প্লাজার মর্মান্তিক দুর্ঘটনার প্রেক্ষাপটে কর্মক্ষেত্রে দুর্ঘটনা এবং আগামী ১৫ বছরের মধ্যে শ্রমিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে দাঁড় করানোর অঙ্গীকারের মধ্য দিয়ে ঢাকায় শেষ হলো তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন।
ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট, ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশন, হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ এবং কলেজিয়াম রামাজিনির উদ্যোগে বিয়াম মিলনায়তনে ২১-২৩ নভেম্বর ‘এনভায়রনমেন্টাল অ্যান্ড অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, এ নিউ এরা ইন বাংলাদেশ’ শীর্ষক এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনের মূল প্রতিপাদ্য বিষয় ছিল পরিবেশ ও পেশাগত নিরাপত্তা এবং স্বাস্থ্যগত সক্ষমতা তৈরি করার উদ্দেশ্যে একটি মানবাধিকার ও টেকসই উন্নয়নের আবশ্যকীয় পূর্বশর্ত হিসেবে গণ্য করে, বাংলাদেশে একে একটি জাতীয় এজেন্ডা হিসেবে সামনে নিয়ে আসা হয়।
২১ নভেম্বর সম্মেলনের উদ্বোধনকালে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, রানা প্লাজা দুর্ঘটনার পর থেকে সরকার কর্মপরিবেশে নিরাপত্তার বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে দেখছে। ভবন নির্মাণে সতর্কতাসহ শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থায় বেশ গুরুত্ব দিয়ে নানা পদক্ষেপ গ্রহণ করেছে।
সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে আমাদের গবেষণালব্ধ ফলাফল দরকার। এ ব্যাপারে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের গবেষণাকাজ প্রস্তাব আকারে সরকারের কাছে দেওয়ার আহ্বান জানান।
গত শনিবার বিশেষ অতিথির বক্তব্যে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের প্রেসিডেন্ট সাবের হোসেন চৌধুরী বলেন, সরকার এসডিজির লক্ষ্য বাস্তবায়নে বদ্ধপরিকর এবং এসডিজির ৮ নম্বর লক্ষ্যই হলো কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ। তিনি আশা প্রকাশ করে বলেন, আগামী ১৫ বছরের মধ্যে শ্রমিকের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ একটি রোল মডেল হয়ে দাঁড়াবে।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক সোমবার বলেন, কর্মপরিবেশ নিরাপদ করতে সরকার শ্রমনীতি প্রণয়ন করেছে। এ ছাড়া আইএলওর নীতি বাস্তবায়ন করছে। জাতীয় সংসদে পররাষ্ট্র-বিষয়ক স্থায়ী কমিটির সদস্য গোলাম ফারুক খন্দকার বলেন, শ্রমিকদের পরিবেশ নিরাপদ করতে সরকার বিদেশি সংস্থাগুলোর সঙ্গে কাজ করছে।
সভাপতির বক্তব্যে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক কাজী কামরুজ্জামান বলেন, ‘বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে কর্মপরিবেশে নিরাপত্তার বিষয়টি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ চ্যালেঞ্জ মোকাবিলা করতে না পারলে আমাদের জাতীয় উন্নয়ন ব্যাহত হবে।’
ইন্টারন্যাশনাল সোশ্যাল সিকিউরিটি অ্যাসোসিয়েশনের সহসভাপতি অধ্যাপক কেনুথ রিঙ্গেন বলেন, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় হতাহতের দিক দিয়ে চীন ও ভারতের পরই তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ দেশে কর্মক্ষেত্রের পরিবেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ।