শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি

আশুলিয়ায় পোশাক কারখানার শ্রমিকদের ওপর ‘দমন-পীড়ন’ বন্ধ ও শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক অধিকার আন্দোলন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেল সাড়ে তিনটায় এক সংহতি সমাবেশ থেকে এই দাবি জানানো হয়।
সমাবেশে অধ্যাপক আনু মুহাম্মদ তৈরি পোশাক কারখানার শ্রমিকদের মজুরি বোর্ড গঠন ও ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানান। তিনি বলেন, গার্মেন্টস শিল্প অর্থনীতিকে সমৃদ্ধ করছে। আর এর শ্রমিকদের মজুরি দারিদ্র্যসীমার আয়ের নিচে। কোনো শ্রমিকের মজুরি দারিদ্র্যসীমার নিচে হতে পারে না।
আনু মুহাম্মদ বলেন, বিশেষ ক্ষমতা আইন ব্যবহার করে আশুলিয়ায় ভীতিকর পরিবেশে তৈরি করা হয়েছে। সেখানে শ্রমিকেরা যাঁরা ঠিকমতো মজুরি পাচ্ছেন না, গায়ে-গতরে খেটে গার্মেন্টস চালু রেখেছেন, সেই শ্রমিকদের গ্রেপ্তার করা হচ্ছে, আটক হচ্ছে, রিমান্ডে নেওয়া হচ্ছে। তিনি আশুলিয়ায় শ্রমিকদের গ্রেপ্তার, রিমান্ড ও হয়রানি সম্পূর্ণ বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
শ্রমিক নিরাপত্তা ফোরামের আহ্বায়ক হামিদা হোসেন বলেন, যত তাড়াতাড়ি আলোচনা করে আশুলিয়ার শ্রমিকদের সমস্যার সমাধান করা উচিত।
সংহতি সমাবেশটি হওয়ার কথা ছিল শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে। কিন্তু সেখানে তা করতে দেওয়া হয়নি। এর নিন্দা জানিয়ে গার্মেন্টস শ্রমিক সংহতির সভা-প্রধান তাসলিমা আখ্তার বলেন, দেশের অর্থনীতিকে যাঁরা সামনে রেখেছেন, সেই পোশাককর্মীরা কেন তাঁদের ন্যায্য দাবিতে শাহবাগে দাঁড়াতে পারবেন না?
সমাবেশ থেকে অবিলম্বে গ্রেপ্তারকৃত শ্রমিকদের মুক্তি ও তাঁদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি করা হয়। সমাবেশে বিভিন্ন
শ্রমিক সংগঠন ও ঐক্য ফোরামের নেতা-কর্মীরা সংহতি জানিয়ে বক্তব্য দেন।