শ্রমিকদের প্রজননস্বাস্থ্য খাতে বিনিয়োগে উৎপাদন বাড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোশাক শিল্পকারখানায় নিয়োজিত শ্রমিকদের প্রজনন স্বাস্থ্য খাতে বিনিয়োগ করা হলে কারাখানার উৎপাদনশীলতা ১৩ শতাংশ বৃদ্ধি পায়। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে স্থাপিত শীর্ষস্থানীয় তৈরি পোশাক কারখানায় এক বছর ধরে পরিচালিত গবেষণায় এ তথ্য প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ফুলকি। 

নেদারল্যান্ডস দূতাবাসের সহায়তায় ‘নিরাপদ’ প্রকল্পের আওতায় ৯ ডিসেম্বর রাজধানীর একটি রেস্তোরাঁয় আয়োজিত কর্মশালায় এ তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি এম কালিনারে। কর্মশালায় অন্যদের মধ্যে ফার্স্ট সেক্রেটারি এলা ডি ভোগ্‌ড, ফুলকির চেয়ারম্যান রাশেদুল হাসান, বিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি ফারুক হাসান বক্তব্য দেন।
লিওনি এম কালিনারে বলেন, পোশাক শিল্পকারখানাগুলোতে সচেতনতামূলক প্রশিক্ষণÿকার্যক্রম উৎপাদনশীলতা বৃদ্ধি করে। ফুলকি তিন বছর ধরে যে কার্যক্রম চালিয়েছে, তার প্রশংসা করে তিনি বলেন, প্রশিক্ষণ শেষে জরিপ কার্যক্রমের মাধ্যমে পরিচালিত গবেষণা প্রতিবেদনই বলছে পোশাকশিল্পে নিয়োজিত সুবিধাবঞ্চিত নারী শ্রমিকেরা এখন লজ্জা, জড়তা এবং সামাজিক চাপ থেকে বেরিয়ে আসছেন। তাঁরা এখন নিজেদের প্রজননস্বাস্থ্য বিষয়ে সচেতন হচ্ছেন।
অনুষ্ঠানে উপস্থাপিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, পোশাক শিল্পকারখানার মালিকের প্রতি ১ টাকা খরচে ১৩ টাকা পর্যন্ত উৎপাদন সক্ষমতা বাড়ে। এতে বলা হয়, বাংলাদেশে জন্মের সময় প্রতি হাজার ১৯৪ জন মা অথবা শিশু অনিরাপদ প্রসূতি সেবার কারণে মারা যায়। পোশাক শিল্পকারখানাগুলোতে মা ও শিশুর এই উচ্চ মৃত্যু হার উদ্বেগজনক। এখানে প্রতিবছর আট হাজার থেকে দশ হাজার নারী গর্ভধারণ, অনিরাপদ গর্ভপাত অথবা শিশু প্রসবকালীন সমস্যায় মারা যান। আর্থিক, সাংস্কৃতিক অথবা ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশে অধিকাংশ গরিব ও ঝুঁকিপূর্ণ পেশার নারীরা প্রজনন স্বাস্থ্যসেবা, নিরাপদ গর্ভধারণ, নিরাপদ প্রসব ও নবজাতকের সুরক্ষাসহ বিভিন্ন বিষয়ে খুবই অল্প জানেন এবং এসব সেবায় প্রবেশাধিকার পান।
প্রতিবেদন প্রকাশ শেষে বেশ কয়েকজন শ্রমিক ও কারখানার মালিক তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। বিজ্ঞপ্তি