শ্রমিকদের প্রতি আরও সহানুভূতিশীল হোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থী ও দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন l ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থী ও দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন l ছবি: বাসস

শ্রমজীবী মানুষের কল্যাণে দীর্ঘমেয়াদি ও টেকসই ‘এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম’ চালুর জন্য মালিক ও শ্রমিক সংস্থাগুলোর কার্যকর সহযোগিতা কামনা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে উৎপাদন জোরদার করতে মালিকপক্ষকে শ্রমিকদের প্রতি আরও সহানুভূতিশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
গত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে শ্রমিক পরিবারের মেধাবী শিক্ষার্থী ও দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘যাঁরা শ্রম দিয়ে কলকারখানা সচল রেখে উৎপাদন বাড়াচ্ছেন, সেই সব শ্রমিকের কল্যাণে আমি মালিকপক্ষকে আরও সহানুভূতিশীল হতে বলব। একই সঙ্গে আমি চাই, শ্রমিকেরাও যেসব কলকারখানা থেকে তাঁদের জীবন-জীবিকার সংস্থান হয়, সেগুলো সচল রাখতে আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করবেন।’
শেখ হাসিনা বলেন, ‘বড় ধরনের দুর্ঘটনায় ক্ষতিপূরণের ক্ষেত্রে বিপুল অর্থের প্রয়োজন হয়। তৈরি পোশাকশিল্পের সাম্প্রতিক দুর্ঘটনায় আমরা তা উপলব্ধি করেছি। এই অবস্থা থেকে উত্তরণের উপায় হলো দীর্ঘমেয়াদি ও টেকসই এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম চালু করা। এ লক্ষ্যে আমরা কাজ শুরু করেছি। এ ক্ষেত্রে জার্মান সরকার ও আইএলও আমাদের আর্থিক ও কারিগরি সহায়তা দিয়ে যাচ্ছে।’ তিনি বলেন, ইতিমধ্যে সরকার, মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিরা জার্মানির এমপ্লয়মেন্ট ইনজুরি স্কিম সরেজমিনে পরিদর্শন করে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছেন।
পরে প্রধানমন্ত্রী বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে শ্রমিকদের ৩৭ জন মেধাবী সন্তান এবং দুর্ঘটনায় নিহত ২৭ জন শ্রমজীবীর পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করেন।
সৌদি মজলিশে শুরার স্পিকারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে বৃহস্পতিবার সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের মজলিশে শুরার স্পিকার আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন ইব্রাহিম আলী। এ সময় প্রধানমন্ত্রী মুসলমানদের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত বন্ধের ওপর গুরুত্বারোপ করে বলেন, এতে লাভবান হচ্ছে কেবল অস্ত্র ব্যবসায়ীরা।
সৌদি স্পিকার গতকাল শুক্রবার ঢাকার একটি হোটেলে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এ সময় আবদুল্লাহ বিন মোহাম্মদ সৌদি বাদশাহর বাংলাদেশ সফরসূচি শিগগিরই চূড়ান্ত হবে বলে আশা ব্যক্ত করেন।