শ্রমিকদের প্রাপ্তি কেবল হতাহতের তালিকায় নাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রানা প্লাজা ধসের ঘটনায় শেষ পর্যন্ত শ্রমিকদের ভাগ্যে জুটেছে কেবল আহত-নিহতের তালিকায় নাম ওঠা। সামান্য ক্ষতিপূরণের অর্থও ঠিকমতো পাচ্ছেন না তাঁরা। অন্যদিকে মালিকদের কর মওকুফ করা হয়েছে। তাঁদের ব্যবসা বেড়েছে।
সাভারের রানা প্লাজা বিপর্যয়ের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সংহতি সমাবেশে এভাবেই ক্ষোভ প্রকাশ করেন বিশিষ্ট ব্যক্তিরা। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় জাদুঘরের সামনে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতি এ সমাবেশের আয়োজন করে। সমাবেশে বক্তারা বলেন, এটা ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। এর কঠোর বিচার হওয়া উচিত।
সংহতি সমাবেশে ইমেরিটাস অধ্যাপক ও লেখক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ঢাকায় বিলাসবহুল ট্যাক্সিক্যাব চালু হয়েছে। একটি শ্রেণী এতে চড়বে। ...একটি অভিজাত শ্রেণী মানুষকে মানুষ মনে করছে না। রানা প্লাজা হত্যাকাণ্ডের পর এরা শ্রমিকদের জন্য কিছু করেনি। উল্টো রাষ্ট্রের কাছ থেকে নানা সুবিধা আদায় করে নিয়েছে।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ক্ষতিপূরণ না দেওয়ার জন্য লাশ গায়েব করা, শ্রমিকদের অতিরিক্ত সময় কাজের হিসাব কমিয়ে দেখানো এখন নিয়ম হয়ে গেছে। সরকারও মালিকদের পক্ষে অবস্থান নিচ্ছে। ...এরা টাকা দেবে, আবার নিয়েও যাবে। বিদেশি প্রতিষ্ঠানগুলোও সহায়তা দিচ্ছে না। এখনই যদি শ্রমিকেরা ঐক্যবদ্ধ হতে না পারে, তবে তাদের অধিকার নিয়ে আজীবন মালিকেরা ছিনিমিনি খেলবে।
রানা প্লাজা ধসের দিনটিকে ‘শ্রমিক হত্যা দিবস’ হিসেবে পালন করার দাবি তোলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাসিম আখতার হোসাইন। তিনি বলেন, দেশপ্রেম দেখাতে গিয়ে জাতীয় পতাকা বড় করা হচ্ছে। কিন্তু রানা প্লাজার মতো ঘটনা ঘটতে থাকলে সেই বড় পতাকা দিয়ে দেশের মানুষের ক্ষোভ ঢাকা যাবে না।
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আহমেদ কামাল, তানজিমুদ্দীন খান, গার্মেন্ট শ্রমিক সংহতির সমন্বয়ক তাসলিমা আক্তার, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের শাহ আতুল ইসলাম প্রমুখ। সমাবেশের আগে রানা প্লাজা ধসের ঘটনা নিয়ে বটতলা ও প্রাচ্য নাট দুটি নাটক মঞ্চস্থ করে।