শ্রমিকদের বাধায় কাজ শুরু করতে পারেনি বার্থ অপারেটররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে বেসরকারি অপারেটররা গতকাল শুক্রবার বিকেলে কাজ শুরু করতে পারেনি। নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিকেল চারটার দিকে বেসরকারি অপারেটররা কাজ শুরু করতে গেলে শ্রমিকেরা তাদের বাধা দেন। এ ঘটনার পর থেকে বন্দরে একটি কনটেইনারবাহী জাহাজে কাজ বন্ধ রয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের ছয় কনটেইনার জেটিতে দরপত্রের মাধ্যমে কাজ পায় সর্বোচ্চ দরদাতা ছয় বার্থ অপারেটর। গত বৃহস্পতিবার ছয়টি জেটি পরিচালনার জন্য বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বার্থ অপারেটরদের এ বিষয়ে চুক্তি হয়। গতকাল বিকেলে ১২ নম্বর জেটিতে একটি জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর মাধ্যমে পর্যায়ক্রমে বেসরকারি অপারেটরদের কাজ শুরুর কথা ছিল। বার্থ অপারেটর এভারেস্ট এন্টারপ্রাইজের মালিক শাহাদাত হোসেন প্রথম আলোর কাছে দাবি করেন, ‘বিকেলে বন্দর শ্রমিকদের হামলায় আমাদের অন্তত ১৫ জন কর্মী আহত হয়েছেন। এ রকম নিরাপত্তাহীন অবস্থায় কাজ করা সম্ভব নয়। তাই আমরা যন্ত্রপাতি ও নিজেদের শ্রমিক-কর্মচারী নিয়ে বন্দর জেটি ত্যাগ করেছি।’ প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল চারটার দিকে ছয় বার্থ অপারেটর অন্তত ৫০ জন শ্রমিক-কর্মচারী ও যন্ত্রপাতি নিয়ে বন্দরের ১২ নম্বর জেটিতে আসে। এ জেটিতে দরপত্রের মাধ্যমে কনটেইনার ওঠানো-নামানোর কাজ পায় বেসরকারি বার্থ অপারেটর এভারেস্ট এন্টারপ্রাইজ। তারা সেখানে আসার পরপরই আগে থেকে অবস্থানরত বন্দরের শ্রমিকেরা তাদের বাধা দেন। এ সময় শ্রমিকেরা বলেন, তাঁদের কল্যাণমূলক সুযোগ-সুবিধা বাস্তবায়নের আগে জেটিতে কাজ করতে দেওয়া হবে না। এ অবস্থায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শ্রমিকেরা বার্থ অপারেটরের শ্রমিক-কর্মচারীদের ধাওয়া করেন। কয়েকজনকে মারধর করেন। অবস্থা বেগতিক দেখে দুই পক্ষের মধ্যে সমঝোতা করতে আসেন বন্দরের টার্মিনাল ব্যবস্থাপক এনামুল করিমসহ চার কর্মকর্তা। এ সময় তাঁরাও শ্রমিকদের তোপের মুখে পড়েন। ঘণ্টা খানেক পর বার্থ অপারেটররা নিজেদের শ্রমিক-কর্মচারী নিয়ে জেটি থেকে চলে যান। এ পরিস্থিতিতে বিকেলে ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের নেতাদের নিয়ে বৈঠকে বসে বন্দর কর্তৃপক্ষ। বৈঠকে শ্রমিকনেতারা আন্তমন্ত্রণালয় এবং বন্দরের সঙ্গে সমঝোতা বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবি জানান। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে—শ্রমিকদের পরিচয়পত্র দেওয়া, বন্দর কর্তৃপক্ষের বাছাই করা শ্রমিকদের নিয়োগ, কল্যাণমূলক সুযোগ-সুবিধা ইত্যাদি। বন্দরের সচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ বলেন, ‘শ্রমিকদের সঙ্গে বৈঠক হচ্ছে। পরিস্থিতি এখন শান্ত।’ আন্দোলনকারী শ্রমিকদের সংগঠন ডক বন্দর শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বলেন, ‘শ্রমিকদের কল্যাণমূলক দাবি বাস্তবায়নের জন্য বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আমরা বৈঠক করেছি।’