শ্রমিকদের বাধায় জাহাজ থেকে ১৩ ঘণ্টা গাড়ি খালাস বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে একটি বিশেষায়িত জাহাজ থেকে টানা ১৩ ঘণ্টা গাড়ি খালাস বন্ধ ছিল। ল্যাসিং-আনল্যাসিং শ্রমিকদের বাধার কারণে গাড়ি খালাস করা যায়নি বলে জানা গেছে। পরে র‌্যাব-পুলিশের পাহারায় গতকাল শুক্রবার দুপুর ১২টা ২০ মিনিট থেকে বেসরকারি অপারেটরের নিজস্ব শ্রমিক দিয়ে ওই জাহাজ থেকে গাড়ি খালাস শুরু হয়।ল্যাসিং-আনল্যাসিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বহিরাগত শ্রমিক দিয়ে কাজ করানোয় আমরা বাধা দিয়েছি। র‌্যাব-পুলিশ এসে আমাদের আটক করে নিয়ে যায়। শ্রমিকেরা বিক্ষুব্ধ হলে আমাদের নয়জনকে ছেড়ে দিয়েছে।’ শিকল দিয়ে বাঁধা গাড়ি জাহাজ থেকে খুলে দেওয়ার কাজ করে ল্যাসিং-আনল্যাসিং শ্রমিকেরা। বেসরকারি অপারেটররা কম দরে নিজস্ব শ্রমিক দিয়ে এই কাজ পরিচালনা করছে। বন্দর সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বেলা একটার দিকে বন্দরের পাঁচ নম্বর জেটিতে ভেড়ে বিশেষায়িত জাহাজ ওরেঞ্জ হরাইজন। এই জেটি পরিচালনা করছে বেসরকারি অপারেটর কসমস এন্টারপ্রাইজ। বিকেল চারটা থেকে কাজ শুরুর কথা থাকলেও জোয়ার কম এবং সিঁড়ি নামাতে না পারায় রাত সাড়ে ১১টার দিকে কাজ শুরুর প্রস্ততি নেয় তারা। এ সময় ল্যাসিং-আনল্যাসিং শ্রমিকেরা কসমস এন্টারপ্রাইজের কর্মী দিলদার হোসেনকে মারধর করে।দিলদার অভিযোগ করেন, ‘শ্রমিকেরা আমাকে মারধর করার একপর্যায়ে গাড়িচালকদের ওপর চড়াও হয়। এ পরিস্থিতিতে খালাসকাজ শুরু না করে বন্ধ করে দিই।’ কসমস এন্টারপ্রাইজের কর্মকর্তা আবদুল মতিন প্রথম আলোকে বলেন, ছয়টি জেটিতে বেসরকারি অপারেটররা দায়িত্ব নেওয়ার পর ল্যাসিং-আনল্যাসিং শ্রমিক ছাড়াই চারটি জাহাজ থেকে গাড়ি খালাস হয়েছে। তখন তো তারা বাধা দেয়নি।